প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা প্রশাসক সরকারি নির্দেশনা অনুসারে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে বলেছেন, যেসব সরকারি প্রতিষ্ঠানের ছাদ এক হাজার বর্গফুট বা তার বেশি এবং ভবনগুলো আগামী ২০ বছর ব্যবহারের উপযোগী, সেসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা উচিত।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নকে দেশের অন্যতম এসডিজি ভিলেজ (টেকসই উন্নয়ন গ্রাম) হিসেবে ঘোষণা করার পাশাপাশি কার্যক্রম শুরু করার বিষয়টি আলোচনা করা হয়। জেলা প্রশাসক জানান, পানখালী গ্রামকে টেকসই ও উন্নয়নবান্ধব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল-কলেজসহ প্রতিটি সরকারি দপ্তরের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা আবশ্যক। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে ১৬০ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট প্রায় দুই হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি দপ্তরগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে। সিটি কর্পোরেশন ও উপজেলার আওতাধীন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ টিকা প্রদান করা হবে। এছাড়া ডেপুটি সিভিল সার্জন জানান, দাকোপের পানখালী গ্রামে বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে সাধারণ চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।
সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন