প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং লঙ্কাপতি রাবণের ভূমিকায় দক্ষিণি তারকা যশকে দেখা যাচ্ছে। তবে অভিনয়ের পাশাপাশি যশের রাবণ-রূপ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তাঁর পোশাক ও অলংকার তৈরিতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, তা সত্যিই বিস্ময়কর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পোশাক পরিকল্পক ও ডিজাইনার সানিয়া জানিয়েছেন, যশকে রাবণের চরিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এই ওজনের মধ্যে পোশাক, অলংকার এবং বিভিন্ন নকশার উপকরণ অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্যভাবে, রাবণের মুকুটের ওজন ছিল প্রায় ২ কেজি।
সানিয়ার মতে, যশের অধিকাংশ পোশাক ও অলংকারের সম্মিলিত ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে রাবণের বিশেষ সাজ, বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। এত ভারী পোশাক পরে দীর্ঘ সময় শুটিং করা যশের জন্য মোটেও সহজ ছিল না।
ডিজাইনারদের কাছে রাবণের মুকুট তৈরি করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাথায় সামান্য ওজনও দীর্ঘ সময় ধরে বহন করা কঠিন। তাই মুকুটের নকশা তৈরিতে থ্রিডি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত নকশা ঠিক করা হয়। ওজন কমানোর চেষ্টা করেও মুকুটটি ১ কেজি ৮০০ গ্রামের নিচে নামানো সম্ভব হয়নি।
ভারী পোশাকের কারণে শুটিংয়ের বিরতিতে যশকে পোশাকের কিছু অংশ খুলে রাখতে হতো। শুধু ওজন সামলানোই নয়, মুকুট পরে মাথা ঘোরানো কিংবা বুকের বর্ম ও কাঁধের ভারী কাঠামো নিয়ে স্বাভাবিকভাবে হাত নাড়াচাড়াও ছিল কঠিন। এত প্রতিকূলতার মধ্যেও সেটে হাসিখুশি থাকতেন অভিনেতা। একই দৃশ্যের জন্য একাধিকবার শট দেওয়ার সময়ও স্বাভাবিক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি ধরে রাখার চেষ্টা করেছেন তিনি।
এদিকে মুক্তির পর বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ‘রামায়ণ’। মুক্তির পাঁচ দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬৬৪ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪১৩ কোটি ৯০ লাখ রুপি। রণবীর ও যশ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাই পল্লবী, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়সহ অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন