প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে তিন দশক ধরে টিকাদান কার্যক্রম, বিপুল অর্থায়ন এবং হাজার হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের পরও পোলিও নির্মূল করা সম্ভব হয়নি। চলতি বছর দেশটিতে এ পর্যন্ত নয়জনের শরীরে পোলিও শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাহীনতা, টিকা নিয়ে ভুল ধারণা এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের অনাস্থা এই রোগ নির্মূলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ডন জানায়, সর্বশেষ ৬ নভেম্বর খাইবার জেলার সাত মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এটি চলতি বছরের নবম রোগী। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনাক্ত হয়েছে সাতজন।
পাকিস্তানে পোলিও নির্মূলের জন্য দীর্ঘদিন ধরে ব্যাপক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কাজে চার লাখের বেশি মাঠকর্মী নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিপুল অর্থ সহায়তা দিয়েছে, কিন্তু তবুও দেশটি এ রোগ নির্মূল করতে পারেনি।
পোলিও নির্মূলের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং দুর্গম এলাকায় টিকাদান কর্মীদের পৌঁছাতে না পারার মতো সমস্যা বিদ্যমান। পাশাপাশি, টিকা নিয়ে ভুল তথ্য এবং ধর্মীয় ভ্রান্ত ধারণার কারণে অনেক পরিবার শিশুদের টিকা দিতে চায় না। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কারণে ছাড়াও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থার অভাব বড় ভূমিকা রাখছে।
পাকিস্তানের অনেক সুবিধাবঞ্চিত এলাকায় পোলিও টিকাদান কর্মসূচিই রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার সঙ্গে মানুষের নিয়মিত যোগাযোগের অন্যতম মাধ্যম। টিকাদান কর্মীরা বছরে একাধিকবার বাড়িতে গেলেও এসব এলাকার অনেক পরিবার নিয়মিত টিকা, মাতৃস্বাস্থ্যসেবা, কার্যকর স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাষ্ট্রকে শুধু পোলিও টিকা দেওয়ার সময়ই দেখা যায়, অন্য প্রয়োজনের সময় পাওয়া যায় না।
বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন দাবি আদায়ের জন্য পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘটনা ঘটেছে। এসব বর্জনের পেছনে অনেক ক্ষেত্রে টিকা নিয়ে ভুল ধারণা নয়, বরং বিদ্যুৎ, রাস্তাঘাট, কর্মসংস্থান ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধার অভাব কাজ করেছে।
ব্রিটিশ মেডিকেল জার্নালের ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ায় উপজাতীয় জিরগাগুলো ৬৭৭টি পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছিল। এসব বর্জনের সঙ্গে বিদ্যুৎ, রাস্তা ও জীবিকার মতো বিভিন্ন দাবি জড়িত ছিল। পাকিস্তানের পোলিও কর্মসূচিও স্বীকার করেছে, নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে অনেক সম্প্রদায় টিকাদান কর্মসূচি বর্জনকে চাপ তৈরির উপায় হিসেবে ব্যবহার করছে।
টিকাদান কর্মসূচির মাঠপর্যায়ের ব্যবস্থাপনাতেও দুর্বলতা রয়েছে। নারী টিকাদানকারীর সংকট, কর্মীদের ঘন ঘন পরিবর্তন এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের বোঝানো যাচ্ছে না, কেন শিশুদের বারবার পোলিও টিকা দিতে হয়। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তিদেরও যথেষ্ট কাজে লাগানো হচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, শুধু টিকাদান কর্মসূচি বাড়িয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। নিয়মিত টিকাদান এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় টিকা ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, যাতে পোলিও কর্মসূচির পাশাপাশি শিশুরা অন্যান্য স্বাস্থ্যসেবাও পায়।
এ ছাড়া পোলিও কর্মসূচির জন্য গড়ে ওঠা বিশেষ ব্যবস্থাপনা ও অর্থায়নের সঙ্গে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকেরা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের নাগরিক সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। তা না হলে টিকাদান কর্মসূচি বর্জন করে দাবি আদায়ের প্রবণতা বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, পোলিও নির্মূল করতে হলে শুধু শিশুদের কাছে টিকা পৌঁছে দিলেই হবে না, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি পরিবারগুলোর আস্থাও তৈরি করতে হবে। নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে টিকাদান কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং পোলিও নির্মূলের পথ সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন