প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ পেশাগত অধিকার নিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৯ নভেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক কায়েছুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি মোজাম্মেল হোসাইন আবির ও সেক্রেটারি সাইফুল ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত না হওয়াকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানহানি এবং তাঁদের পদোন্নতি ও আপগ্রেডেশনের মতো পেশাগত অধিকার নিয়ে ছাত্রদল আহ্বায়কের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। তাঁদের পেশাগত অধিকার কোনো রাজনৈতিক সংগঠনের নেতার ইচ্ছা বা নির্দেশনার ওপর নির্ভরশীল হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ৪৩(৪) অনুচ্ছেদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাঁদের পদোন্নতি ও অন্যান্য পেশাগত অধিকার নিয়ে ছাত্ররাজনৈতিক সংগঠনের নেতার বক্তব্য দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন শিবির নেতারা। তাঁদের মতে, এসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।
শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, শিক্ষকরা দেশের মর্যাদাবান নাগরিক। এ ধরনের বক্তব্য তাঁদের যোগ্যতা, পেশাগত মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ণ করে। শিক্ষক-কর্মচারীদের মৌলিক অধিকার ও পেশাগত সম্মানের অবমূল্যায়নে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
এ ঘটনায় চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। দাবিগুলোর হলো- হুমকিসূচক বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট ছাত্রদল আহ্বায়ককে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান শুভকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার প্রক্রিয়া ও প্রশাসনের ভূমিকা স্পষ্ট করা, শিক্ষকদের মর্যাদাহানিকর বক্তব্যকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থন করে কি না তা আনুষ্ঠানিকভাবে জানানো এবং শিক্ষক-কর্মচারীদের পদোন্নতিসহ অন্যান্য পেশাগত অধিকারে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ বন্ধ করা।
বিবৃতির শেষাংশে শিবির নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়া উচিত আইন ও প্রাতিষ্ঠানিক বিধিবিধানের ভিত্তিতে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন