প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ভুগছেন। অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে তিনি আর্থিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে চিকিৎসার খরচ চালাতে মায়ের সঞ্চয়পত্র ভেঙে ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শোয়েব সম্প্রতি তার ফেসবুক পোস্টে এই বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, গত সাত দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘অবস্থা ভয়ানক। জানি না কবে বাসায় যেতে পারবো। দোয়া রাইখেন।’
অসুস্থতার মধ্যেও শোয়েব দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করার পর থেকে তিনি নিয়মিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। সময়ের সঙ্গে তার কাজের পরিমাণ ও পরিধিও বেড়েছে। তবে সময়মতো পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে তার সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে তার বকেয়া অর্থ জমতে থাকে।
শোয়েবের দাবি, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিজ্ঞাপনচিত্র, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ এবং সিনেমার সাউন্ড ও সংগীতের কাজের পারিশ্রমিক মিলিয়ে তার পাওনা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার কম নয়।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে শিল্পীদের অসহায় অবস্থার কথাও বলেছেন এই গিটারিস্ট। তিনি আক্ষেপ করে লেখেন, ‘কিছুদিন আগে আমার স্টুডিও আপগ্রেড, এখন আমার চিকিৎসা ব্যয়ের খরচ চালাতে হচ্ছে মায়ের জমানো টাকা দিয়ে। কী বীভৎস বাস্তবতা! এই ইন্ডাস্ট্রি তার ট্যালেন্টদের যে জায়গায় রাখে, এই হচ্ছে তার নমুনা।’
বকেয়া পারিশ্রমিক পরিশোধের জন্য সংশ্লিষ্টদের শোয়েব শেষবারের মতো সময় দিয়েছেন। তবে তিনি পোস্টে এখনই কারও নাম উল্লেখ করেননি। অক্টোবরের শুরু পর্যন্ত সময় দিয়ে তিনি লেখেন, ‘আমি এই পোস্টে এখনই কাউকে মেনশন করছি না। এই মাসটা সময় দিচ্ছি আপনাদের। ধুলো পড়া ফাইলগুলো বের করে হালনাগাদ করে অক্টোবরের শুরুতে স্টুডিওতে চা খেয়ে যান। আর টাকাগুলো সসম্মানে পরিশোধ করে যান।’
নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন শোয়েব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার দীর্ঘ লেখা পড়ার পরেও যদি আপনাদের টনক না নড়ে, তাহলে আরকি, নিজেদের ইমেজের যে রঙিন লুঙ্গি সেটা ত্যানা বানিয়ে দিব। খোদার কসম! পারলে সামলায়েন।’
উল্লেখ্য, ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো আলোচিত সিনেমার সাউন্ড ও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন রাশিদ শরীফ শোয়েব। তিনি সংগীতচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন