শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৭ পি.এম
ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭-২৮ সেশনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাহেবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুল্লাহ সামীকে মনোনীত করা হয়েছে।
এই সম্মেলন ও কাউন্সিল শুক্রবার রাজধানীর উত্তরার কোবিত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি আমিন হোসাইন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাখাটির বিদায়ী সাধারণ সম্পাদক হাসান আহমাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম।
কাউন্সিলের শেষপর্যায়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম ২০২৭-২৮ সেশনের জন্য ঢাকা মহানগর উত্তর শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে রাহেবুল ইসলামকে সভাপতি এবং আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি মোহাইমিনুল ইসলাম ফরহাদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের মতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরহাদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, মামলাটির নম্বর ১৭, জিআর নম্বর ৩৪৩/২৬ (কুড়িঃ)। গত ১৩ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর (সংশোধনী-২০১৩) ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোহাইমিনুল ইসলাম ফরহাদ কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। অন্য গ্রেপ্তার ব্যক্তির পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানায়নি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘অরাজকতা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। যারা নাশকতায় জড়িত থাকবে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশ জানিয়েছে, নাশকতা ও অরাজকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে।
আজ শুক্রবার, মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সার সংক্রান্ত একটি ভিডিও পোস্ট তাদের নজরে এসেছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ নামের সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনাকে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে, ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।
এছাড়া, সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত আগস্টে তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিও ও পোস্টে 'সরকার ভেজাল সার সরবরাহ করছে' মর্মে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য। কৃষি মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।
মন্ত্রণালয় জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান পরীক্ষা করা হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।
সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যোগী আদিত্যনাথ সরকারের উচ্ছেদ অভিযানে বুলডোজার উত্তর প্রদেশে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। অভিযোগ রয়েছে, এই অভিযানে মূলত মুসলমান, প্রান্তিক জনগোষ্ঠী এবং সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু হিসেবে নেওয়া হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বুলডোজারের প্রশংসা করে এটিকে ভারতের একটি ‘ব্র্যান্ড’ হিসেবে উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি রাজ্যের সঙ্গে যুক্ত একটি ব্র্যান্ড হিসেবে বুলডোজারকে বর্ণনা করেন।
যোগী বলেন, "উত্তরপ্রদেশে কারখানা স্থাপনকারী নির্মাতাদের ট্রাক্টরের পাশাপাশি বুলডোজার উৎপাদনের কথাও ভাবা উচিত।"
যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালের ট্রাক্টর উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
এএনআই-এর তথ্য অনুযায়ী, আদিত্যনাথ বলেন, “দেশে ও দেশের বাইরে এগুলোর ব্যাপক চাহিদা থাকবে, কারণ এগুলো ইতোমধ্যে এই অঞ্চলের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।”
তার এই বক্তব্য উত্তরপ্রদেশে বুলডোজারের রাজনৈতিক প্রতীকী অর্থকে স্পষ্ট করে তোলে। আদিত্যনাথ সরকার অবৈধভাবে নির্মিত সম্পত্তির ওপর প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকে। বিজেপির সমর্থকরা মুখ্যমন্ত্রীকে ‘বুলডোজার বাবা’ বলে অভিহিত করে থাকেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগদান করার পর, তিনি গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
এর আগে, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জিয়াউদ্দিন সিকদারকে বিডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর ৭(২) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তবে রাজনৈতিক দলের নেতা হিসেবে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় ছিল। তাদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন অন্তর্ভুক্ত ছিলেন। শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
জিয়াউদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হন।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় হামলার শিকার হন তিনি। ওই সময় তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই ঘটনায় তিনি গুরুতর আহত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর, এবার একটি রাষ্ট্রীয় উন্নয়ন প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্ব পেলেন তিনি।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর, জিয়াউদ্দিন সিকদারের সামনে বড় চ্যালেঞ্জ হবে বরিশাল নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা। অপরিকল্পিত নগর সম্প্রসারণ রোধ, জলাবদ্ধতা নিরসন, খাল ও জলাশয় সংরক্ষণ, আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নগরবাসী তার ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার "আমার দেশ"-কে বলেন, বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে তিনি যোগদান করেছেন। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জিয়াউদ্দিন সিকদার বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে তিনি পিছপা হননি।
নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ