এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শহরের ব্রাহ্ম সমাজ সড়কের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের জন্য কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ফরিদপুরের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর ফরিদপুর গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, নাজমুল ইসলাম রঞ্জন, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিদুল ইসলাম কায়েস ও শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে এগিয়ে গেলে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন। এ সময় শোভাযাত্রা ও সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি সেবার আধুনিকীকরণের অংশ হিসেবে একটি অত্যাধুনিক ‘সি-আর্ম’ ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন করা হয়েছে।
নতুন এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন আজ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
সি-আর্ম মেশিনের কার্যক্রম শুরু হওয়ার ফলে অর্থোপেডিক সার্জারির সময় রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখা সম্ভব হবে। এর ফলে জটিল হাড়ের অস্ত্রোপচার আরো নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মন্তব্য করেন, "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অত্যাধুনিক এই সি-আর্ম মেশিন অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা আরো বাড়াবে।"
তিনি আরও বলেন, "জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন। আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আরো উন্নত ও জনবান্ধব করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
বিএমইউর প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান ও সার্জারির অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে ফ্র্যাকচার চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার সঠিক অবস্থানে স্থাপন করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে।
তিনি উল্লেখ করেন, "এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচারের সুযোগ। ফলে, অনেক ক্ষেত্রে বড় ধরনের কাটাছেঁড়ার পরিবর্তে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল ফ্র্যাকচারের চিকিৎসা করা সম্ভব হবে। লাইভ ইমেজিং সুবিধার কারণে সার্জনরা দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অস্ত্রোপচারের সময় কমার পাশাপাশি অপ্রয়োজনীয় কাটাছেঁড়া ও টিস্যু ক্ষতি কমানো সম্ভব হবে। একই সঙ্গে রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমবে এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে।"
অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেন, "নতুন প্রজন্মের ডিজিটাল সি-আর্ম প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম রেডিয়েশন ডোজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে, রোগীর পাশাপাশি অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি তুলনামূলকভাবে নিরাপদ।"
অনুষ্ঠানে উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গা, ১ সেপ্টেম্বর ২০২৬ : আজ দামুড়হুদা উপজেলার অধীনে খাদ্যপণ্যে অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার করার অভিযোগে দুইটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা বাজার এলাকায় পরিচালিত তদারকিমূলক অভিযানের সময় এই জরিমানা আরোপ করেন।
জানা গেছে, অভিযানের সময় বৈধ ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার কারণে মেসার্স রিমি ফুডের মালিক জামাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত বেকারিগুলোকে দ্রুত স্যানিটারি লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ট্রাকের চাপায় দুই বন্ধু মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়।
নিহতদের মধ্যে রয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি এবং ফিরোজ আহমেদ তাওহীদ।
স্থানীয়দের মতে, মঙ্গলবার ভোরে দুই বন্ধু মোটরসাইকেলে করে লোহাগাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী মন্তব্য করেছেন, ‘দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।’
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানিয়েছেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর আমি শুনেছি। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।
অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ম্যাচ পাতানো ও দুর্নীতির অভিযোগে সাবেক তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
অভিযুক্ত তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
বিসিবি জানিয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের অংশগ্রহণকারীদের জন্য অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ততার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য গোপন করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো। শামীমের বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিপিএলের ম্যাচের ফল, অগ্রগতি বা ম্যাচের অন্য কোনো বিষয় প্রভাবিত করার চেষ্টা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্ত-সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা নষ্ট করার মাধ্যমে তদন্তে বাধা দেওয়া। জাকিরের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অন্য কোনো বিষয় অনিয়মের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অ্যান্টি-করাপশন কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।
অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে (প্রভিশনালি) বরখাস্ত করা হয়েছে। নোটিশ অব চার্জ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এরপর কোড অনুযায়ী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ