প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে সম্মান জানাতে ঢাকায় একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনটি আগামী ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন। সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, সঞ্জীব চৌধুরী ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর, আজব কারখানার উদ্যোগে এই বিশেষ ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হচ্ছে।
বাংলা গানের জগতে সঞ্জীব চৌধুরী একটি স্বতন্ত্র ও স্মরণীয় নাম। তিনি ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তার ব্যতিক্রমী কণ্ঠস্বরের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’ গানগুলো শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয়।
বাংলা লোকগানকে শহুরে জীবনের তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও সঞ্জীব চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তার অবদান বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।
গান, কবিতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে রেখে গেছেন নিজস্ব এক স্বাক্ষর। তার গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন