প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কীর্তিনাশা নদীর জলরাশি, বৈঠার ছন্দে, যেন উৎসবের মঞ্চে পরিণত হয়েছিল। নদীর দুই পাড়ে হাজারো মানুষের উচ্ছ্বাস ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া থেকে রাজগঞ্জ ব্রিজ হেলিপ্যাড পর্যন্ত নদীপথে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে আমগ্রাম এক্সপ্রেস প্রথম স্থান অধিকার করে, সাত সমাজ এক্সপ্রেস-১ দ্বিতীয় এবং মামা ভাগিনা এক্সপ্রেস তৃতীয় স্থান অর্জন করে।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়। ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৪টি নৌকা অংশগ্রহণ করে। ১৪ সেপ্টেম্বর প্রথম রাউন্ড এবং ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এরপর শুক্রবার অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।
ফাইনালকে কেন্দ্র করে সকাল থেকেই কীর্তিনাশা নদীর দুই পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ নৌকাবাইচ দেখতে নদীর পাড়ে অবস্থান নেন। বৈঠার তালে তালে নৌকা যখন দ্রুতগতিতে এগিয়ে যায়, তখন দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার নিরাপত্তা ও দর্শনার্থীদের সেবায় মেডিকেল টিম, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের নিয়োজিত করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকার জন্য পুরস্কার হিসেবে ছিল একটি করে ফ্রিজ। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকার জন্য দেওয়া হয় একটি করে টেলিভিশন।
আয়োজকদের বক্তব্য, শুধুমাত্র বিনোদন নয়, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে তাঁদের সম্পৃক্ত করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরো শক্তিশালী করে।
অনুষ্ঠানে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লাসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন