প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মন্তব্য করেছেন যে, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান না হওয়ায় বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি মনে করেন, এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং সমন্বিত কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী।
তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন এবং নাগরিক অধিকার হরণের অবসান ঘটিয়ে তাদের নিরাপদ, সম্মানজনক এবং টেকসই স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিলেও, এই দীর্ঘস্থায়ী সংকট কক্সবাজারসহ দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে পুনরায় বাস্তুচ্যুতির ঝুঁকি এড়াতে, মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী। বিশেষ আলোচক হিসেবে ছিলেন জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাহমত সালাম, বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, হাশেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, এড. নেজামুল হক, কক্সবাজার জেলা প্রেস ক্লাব সভাপতি বেলাল তৌহিদ, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
বক্তারা রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজারের পরিবেশ, বনভূমি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য এবং অবকাঠামোর ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক পাচার, অপহরণ, মানবপাচার, সহিংসতা এবং অন্যান্য অপরাধের ঝুঁকি মোকাবিলায় কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন