প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন, কিন্তু তার বিরুদ্ধে বিতর্কের অবসান হয়নি। সিডনির নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট রেমন্ড সালোমন তার ভিসা বাতিলের দাবি জানিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে, জামায়াত আমির অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক দ্য অস্ট্রেলিয়ানকে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি করেছেন। তিনি জানিয়েছেন, অন্যথায় মানহানির আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমন্ড সালোমনকে আক্রমণ করেছেন অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টির সাবেক প্রার্থী আবরার আহমদ।
আবরার আহমদ তার পরিচালিত ফেসবুক পেজে সালোমনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তার বাসা কিংবা কর্মস্থলের ঠিকানা খুঁজে বের করতে অনুসারীদের প্রতি আহ্বান জানান। ওই পোস্টের মন্তব্যে কয়েকজন সালোমনের কর্মস্থলের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর প্রকাশ করেন এবং তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনার পর সালোমন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে আবরার আহমদ দাবি করেছেন যে সালোমনের ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি জানান, চায়ের টেবিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। একই সঙ্গে সালোমনের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী রাজনীতিক ও সংবাদমাধ্যমের পক্ষ নেওয়ার অভিযোগও করেছেন আবরার।
নিউ সাউথ ওয়েলস গ্রিনস পার্টি দ্য অস্ট্রেলিয়ানকে জানিয়েছে, আবরার বর্তমানে দলটির অনুমোদিত প্রার্থী নন।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার কোয়াড্রান্ট সাময়িকীতে প্রকাশিত একটি নিবন্ধে জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন রেমন্ড সালোমন। তিনি দেশটির অভিবাসন আইনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের প্রতি আহ্বান জানান।
এদিকে, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর আখ্যা দিয়ে দ্য অস্ট্রেলিয়ানের প্রকাশনা প্রতিষ্ঠান নেশনওয়াইড নিউজ প্রাইভেট লিমিটেডকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে জানান, শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মানহানি আইন, ২০০৫-এর ১২এ ধারার অধীনে এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে প্রতিবেদনের সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রত্যাহার, সংশোধনী প্রকাশ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে শফিকুর রহমানের অতীত বক্তব্যের বিষয়ে দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে জামায়াত বলেছে, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও অধিকারের প্রতি সমর্থনকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন হিসেবে উপস্থাপন করা হয়েছে। সংবাদ প্রকাশের আগে জামায়াত আমিরের বক্তব্য নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে দলটি।
তবে দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের আগে শফিকুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। তারা নিজেদের প্রকাশিত প্রতিবেদনের পক্ষেও অবস্থান জানিয়েছে।
প্রসঙ্গত, পাঁচ দিনের সফরে গত ২০ নভেম্বর সিডনিতে আসেন জামায়াত আমির। তার সফর ঘিরে অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের সংগঠনের পাশাপাশি ওয়ান নেশন পার্টি ও ফ্যামিলি ফার্স্ট পার্টি সরব হয়। ওয়ান নেশন তাকে বিদ্বেষপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিরোধিতা করে।
অন্যদিকে, হামাস নেতার প্রশংসার অভিযোগ রয়েছে এমন একজন রাজনৈতিক নেতাকে আতিথেয়তা দেওয়ায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের প্রতিনিধিদের রয়্যাল কমিশনের আওতায় শপথের অধীনে জিজ্ঞাসাবাদের দাবি জানায় ফ্যামিলি ফার্স্ট পার্টি। ভিসা বাতিলের দাবির মধ্যেই নির্ধারিত সময়ের আগে মালয়েশিয়া সফর বাতিল করে ২৪ নভেম্বর সিডনি ছাড়েন শফিকুর রহমান।
তবে জামায়াতের পক্ষ থেকে জরুরি প্রয়োজনের কথা বলা হলেও ভিসা বাতিলের আশঙ্কায় তিনি অস্ট্রেলিয়া ছেড়েছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সংশ্লিষ্ট অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন