প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর সহিংসতার ঘটনা নিয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন এবং মুকসুদপুর থানার অস্ত্র উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত একটি বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভবন ও আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি থানার চত্বরে থাকা পুলিশের নয়টি গাড়ি এবং প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ সময় থানায় সংরক্ষিত পুলিশের নিজস্ব অস্ত্র এবং সাধারণ মানুষের জমা দেওয়া বেশ কিছু অস্ত্র লুট করা হয়। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এছাড়া ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ অ্যাসোসিয়েশন এসব সহিংসতাকে রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনের শাসনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের যানবাহন ও অস্ত্রশস্ত্র জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে ব্যবহৃত হয়। এসব সম্পদ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং রাষ্ট্র ও জনগণের সম্পদ। এগুলো ধ্বংস করার অর্থ জনগণের নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করা।
পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক না কেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র ছিনিয়ে নেওয়া এবং সরকারি সম্পদ ধ্বংসের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
অন্যদিকে, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের পর সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি দল মুকসুদপুর থানার অস্ত্রাগারে রাখা সরকারি ও সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর করে।
এ ঘটনায় ওসি বাবলুর রহমান খানসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সাহসিকতা, বিচক্ষণতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদারিত্বের প্রশংসা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি তাঁদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে।
এ ছাড়া দায়িত্ব পালনকালে সার্জেন্টদের ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সম্পাদনা এবং বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে ২ নভেম্বর চানখারপুলে সার্জেন্ট ফারজানা ইয়াসমিন, আসাদ গেটে সার্জেন্ট মহিউদ্দিন, ২৯ সেপ্টেম্বর ৩০০ ফিট এলাকায় সার্জেন্ট শিহাব এবং ২৬ অক্টোবর ওয়ারী এলাকায় সার্জেন্ট কায়সার ভূঁইয়ার আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।
এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, এতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি বাহিনীর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।
বিবৃতির শেষাংশে দেশের শান্তিপ্রিয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সহিংসতা, গুজব ও উসকানি পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন