প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুরোনো সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কিছু স্থানে বন্ধ হওয়ার পর হলের জায়গায় বহুতল ভবন গড়ে উঠছে, আবার কোথাও হারিয়ে যাচ্ছে একসময়কার জনপ্রিয় বিনোদনকেন্দ্রের অস্তিত্ব। নারায়ণগঞ্জের কাঁচপুরের ঐতিহ্যবাহী ‘লাভলী সিনেমা হল’ এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর কাঁচাবাজার ও লাভলী বাসস্টপের নিকট অবস্থিত এই সিনেমা হল একসময় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের জন্য পরিচিত ছিল। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হলটির কার্যক্রম কমে গেছে। দীর্ঘদিন ধরে এটি অনিয়মিতভাবে চলছিল। লাভলী সিনেমা হল এবার চিরতরে বিদায়ের খবর সামনে এসেছে।
চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, ‘ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। একটি অধ্যায়ের সমাপ্তি। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তবে লাভলী সিনেমা হলের বিদায়ের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতা। হলটি ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওই ভবনেই ‘লাভলী’ নামের একটি সিনেপ্লেক্স গড়ে তোলার চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।
লাভলী সিনেমা হলের জায়গায় কী করা হবে, এ বিষয়ে শাহাদাৎ হোসেন লিটন জানান, ‘লাভলী সিনেমা হলের জায়গায় কমার্শিয়াল বিল্ডিং করার ইচ্ছে আছে। সেখানে একটি সিনেপ্লেক্সের পরিকল্পনাও করা হচ্ছে।’
অর্থাৎ, পুরোনো সিনেমা হলটির অবকাঠামো ভেঙে ফেলা হলেও ‘লাভলী’ নামটি নতুনভাবে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তার বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় অবস্থিত লাভলী সিনেমা হলের প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সাল সম্পর্কে গণমাধ্যমের নথিপত্রে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের কাছে পরিচিত একটি বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। হলটির আশপাশের এলাকা ‘লাভলী সিনেমা হল মোড়’ নামে পরিচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন