প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢকা, ১১ নভেম্বর, ২০২৬ : ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি সতর্কতা প্রকাশ করেছেন যে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও, এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হবে।
তেহরান থেকে এএফপি জানাচ্ছে, বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে লেবাননভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিনকে রেজায়ি বলেছেন, ‘ইরানে বোমা হামলার জন্য যদি কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা হয়, এমনকি ইউরোপীয় দেশে বা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত ঘাঁটি থেকেও, তবে আমরা সেসব ঘাঁটিতে আঘাত হানব।’
তিনি আরও উল্লেখ করেন, নতুন করে মার্কিন হামলা হলে ইরানের প্রতিক্রিয়া হবে ‘আমেরিকার আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা, যার মধ্যে এমন স্থাপনাও থাকবে যেগুলোতে আমরা এখনো হামলা চালাইনি’। তবে তিনি কোনো নির্দিষ্ট স্থাপনার নাম উল্লেখ করেননি।
তিনি যোগ করেন, ‘আমরা এমনকি এমন কিছু দ্বীপেও আঘাত হানতে পারি, যেগুলো তারা আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে বলে মনে করে।’ এই সাক্ষাৎকারটি তেহরানে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।
এর প্রতিক্রিয়ায় ইরান অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লেবানন, ইয়েমেন এবং ইরাকে তাদের সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।
যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে, যা জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ। এটি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে তেহরান ওয়াশিংটনের কাছে বেশ কিছু দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে জব্দ সম্পদ অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধের পক্ষে যুক্তি হিসেবে বারবার ইরানের পরমাণু কর্মসূচির কথা উল্লেখ করেছে। তবে রেজায়ি বলেন, আলোচনায় পরমাণু ইস্যু ‘বর্তমানে’ নেই এবং তেহরান ইতোমধ্যে লালরেখা নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে-- ‘সমৃদ্ধ উপাদানের সামান্যতম অংশও ইরানের বাইরে পাঠানো হবে না’।
ইরানের পরমাণু কর্মসূচি এবং পরমাণু বোমা তৈরিতে প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি, অর্থাৎ ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রে রয়েছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানে আবার হামলার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, দেশটির অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ওয়াশিংটন নতুন করে হামলার হুমকি কমিয়ে এনেছে বলে মনে হচ্ছে। ইরান যুদ্ধের অজনপ্রিয়তাও এর একটি কারণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন