প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে পরিচয়ের মাধ্যমে প্রেমের সূচনা ঘটে। কিন্তু তিন বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, অভিনেতা লি দো হিউন এবং অভিনেত্রী লিম জি ইওন তাদের সম্পর্কের ইতি টেনেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই তারকার পক্ষ থেকে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়েছে।
কোরীয় সংবাদমাধ্যম সোয়ম্পির বরাতে জানা গেছে, সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। লি দো হিউনের এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে এবং জানায় যে, খবরটি সত্য। বিচ্ছেদের পরেও তারা একে অপরকে ভালো সহকর্মী হিসেবে সমর্থন করবেন।
অন্যদিকে, লিম জি ইওনের এজেন্সি আর্টিস্ট কোম্পানিও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে অভিনেত্রীর ব্যক্তিগত বিষয় উল্লেখ করে বিচ্ছেদের কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তার আগামী কাজের জন্য ভক্তদের আগ্রহ ও শুভকামনা চেয়েছে।
দুই পক্ষের কেউই সম্পর্ক ভাঙার কারণ বা ঠিক কবে বিচ্ছেদ হয়েছে, তা প্রকাশ করেনি।
‘দ্য গ্লোরি’ থেকে প্রেমের শুরু
নেটফ্লিক্সের জনপ্রিয় প্রতিশোধমূলক সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে লিম জি ইওন এবং লি দো হিউনের পরিচয় ঘটে। কিম উন সুকের লেখা সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সং হে কিয়ো। এতে লিম জি ইওনকে পার্ক ইয়েন জিন চরিত্রে দেখা যায়, যে স্কুলজীবনে নির্যাতনকারী দলের নেতৃত্ব দিয়েছিল। অন্যদিকে, লি দো হিউন অভিনয় করেন জু ইয়ো জং চরিত্রে, যিনি প্রতিশোধের পরিকল্পনায় মূল চরিত্রের সহযোগী হয়ে ওঠেন।
পর্দায় তাদের চরিত্রের অবস্থান আলাদা হলেও বাস্তব জীবনে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০২৩ সালের এপ্রিলে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে এবং পরে দুই তারকার পক্ষ থেকে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা হয়। সিরিজটির ভক্তদের মধ্যেও তাদের বাস্তব জীবনের প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
ব্যস্ত ছিলেন দুজনই
সম্পর্কের সময়টিতে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন দুই তারকা। লি দো হিউন ‘হোটেল ডেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘সুইট হোম’-এর মতো সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, ২০১৪ সালের চলচ্চিত্র ‘অবসেসড’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া লিম জি ইওনও বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিন বছরের বেশি সময়ের সম্পর্কের পর তাদের বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে দুই তারকার পক্ষ থেকে ব্যক্তিগত জীবনকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন