প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ তামিম নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। স্থানীয়রা চুরি করা মোটরসাইকেল কম দামে বিক্রির চেষ্টা করতে দেখে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ইসলামপুর থানার পুলিশ তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে।
আটককৃত তামিম মাদারগঞ্জ উপজেলার আটাত্তর চর এলাকার সুজন মিয়ার পুত্র।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) ভোরে মাদারগঞ্জের মিলনবাজার থেকে বডিসহ একটি সোনালিকা ব্র্যান্ডের মাহিন্দ্র ট্রাক্টর চুরি করে নিয়ে যায় তামিম। পরবর্তীতে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে ট্রাক্টরটির তেল শেষ হয়ে যায়। এ সময় কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের লিটন বেপারীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে।
একপর্যায়ে তামিম লিটনের মোটরসাইকেলে চড়ে তার ভায়রার বাড়ি পর্যন্ত পৌঁছায়। পরে সে লিটনকে বটতলায় নামিয়ে দেওয়ার অনুরোধ করে। মানবিক কারণে লিটন তার ছোট ভাতিজাকে মোটরসাইকেল দিয়ে তামিমকে বটতলায় পৌঁছাতে বলেন। কিন্তু পথিমধ্যে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
পরে লিটনের ভাতিজা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তিনি চৌরাস্তা মোড়ে গিয়ে দেখেন, সেখানে রাখা মাহিন্দ্র ট্রাক্টরটির বডি নেই। খবর পেয়ে ট্রাক্টরের মালিক ঘটনাস্থলে এসে বডিবিহীন ট্রাক্টরটি উদ্ধার করে মিলনবাজারে নিয়ে যান।
এদিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে তামিম ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর পাশের বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দামের মোটরসাইকেলটি স্থানীয় এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করে।
এ সময় তার আচরণ ও অস্বাভাবিক কম দামে মোটরসাইকেল বিক্রির প্রস্তাবে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তামিমকে আটক করে ইসলামপুর থানার পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তামিমকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। বর্তমানে সে মাদারগঞ্জ মডেল থানার হেফাজতে রয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, তামিমকে থানায় হেফাজতে রাখা হয়েছে। মাহিন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন