প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেডারেশন কাপে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যে অনুষ্ঠিত ম্যাচের মাধ্যমে আজ ২০২১ সালের সেপ্টেম্বরের পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরে এসেছে। জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নামা ফর্টিস এফসি তাদের অভিষেক জয়ে ক্লাবটির ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে। তারা রহমতগঞ্জকে ৩-০ গোলে পরাজিত করে। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফর্টিস। অন্যদিকে, ফর্টিসের গ্রুপে থাকা আবাহনীও চলমান ফেডারেশন কাপে তাদের প্রথম জয় অর্জন করেছে। তারা ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে। আবাহনীর পয়েন্টও দুই ম্যাচে চার। তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চারে রয়েছে। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে চট্টগ্রাম সিটি ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে। তারা তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করেছে।
জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরার এই ম্যাচে ফর্টিস ও রহমতগঞ্জের খেলায় গ্যালারিতে হাতেগুনা কিছু দর্শক উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলিও এই ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন। ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জ গোল করার জন্য চেষ্টা চালালেও ফর্টিসের বিপক্ষে তারা পাল্লা দিতে পারেনি। বিরতির যাওয়ার আগ মুহূর্তে তারা গোল হজম করে বসে। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) ফর্টিসের আক্রমণে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর বাবুর নেওয়া শট রহমতগঞ্জের গোলরক্ষক মামুন রুখে দেন। এরপর ওমর বাবুর কর্নারে বল হেডে ফিরিয়ে দেন প্রতিপক্ষের খেলোয়াড়। ফিরতি বলে জোড়ালো শটে গোল করেন ফর্টিসের নেপালিজ মিডফিল্ডার আরিক বিস্তা। এরপর ৬৩ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল পান ওমর বাবু। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৭ মিনিটে) ফর্টিসের হয়ে শেষ গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চেকউবে।
এদিকে, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেখ মোরসালিন দৃষ্টিনন্দন এক গোল উপহার দেন। বাতাতুন্দের পাস বক্সের বাইরে পেয়ে কিছুটা জায়গা তৈরি করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। পরে শরীরটা ঘুরিয়ে ডান পায়ে গোলপোস্টের টপ কর্নারে শট নেন মোরসালিন। ফকিরেরপুলের গোলরক্ষক রুবেলের তাকিয়ে থাকার ছাড়া কিছু করার ছিল না। ফকিরেরপুলের বিপক্ষে ৫১ মিনিটে এই গোল করার পর মোরসালিনের কোনো উদযাপন ছিল না। গত সাফ চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলার সুযোগ পাননি এই তরুণ। ৮৭ মিনিটে ইমন মিয়ার ভুল পাসে দ্বিতীয় গোল হজম করে ফকিরেরপুল। বক্সের সামনে বল পেয়ে গোল করেন আবাহনীর আল-আমিন। অপরদিকে, মানিকগঞ্জে চট্টগ্রাম সিটির জয়ের নায়ক জাফর ইকবাল। ৮৮ মিনিটে সুমন রেজার ক্রস পেয়ে মিনহাজুল করিম পাস দেন গোলমুখে থাকা জাফরকে। ব্রাদার্সের গোলরক্ষক কিছুটা এগিয়ে আসায় ফাঁকা পোস্ট পেয়ে সহজ গোল করেন জাফর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন