প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর আদালত বর্জন ঘোষণা আইনজীবীদের, বিচার কার্যক্রমে অচলাবস্থা
জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালতকে অনির্দিষ্টকালের জন্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এই কঠোর পদক্ষেপ গৃহীত হয়।
সভাটির সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার (ফয়সাল)। সভায় সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র আইনজীবী ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, বিচারকদের কিছু অনিয়ম, পেশাগত অসদাচরণ এবং আইনজীবীদের প্রতি অপেশাদারসুলভ আচরণের প্রতিবাদে এই বর্জনের ডাক দেওয়া হয়েছে। সাধারণ সভায় বক্তারা উল্লেখ করেন, বিচার বিভাগে আইনজীবীদের যথাযথ সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচার নিশ্চিত করার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। তারা বলেন, বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও বিচারকাজে একতরফা প্রভাব এড়াতে আদালত বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এই কর্মসূচির ফলস্বরূপ উল্লেখিত আদালতগুলোতে নির্ধারিত মামলার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা বিচারকার্য সম্পন্ন করতে না পেরে আদালত চত্বর থেকে ফিরে গেছেন।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সতর্ক করেছেন যে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন