প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সময় সোনালী আঁশ কৃষকদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি আর নেই। গোদাগাড়ী উপজেলাসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা এখন শুধু সোনালী আঁশের উপরই নির্ভরশীল নয়, বরং পাটকাঠির ক্ষেত্রেও আশার আলো দেখছেন। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।
এক সময় পাটকাঠি প্রধানত গ্রামের অসচ্ছল পরিবারের ঘরের বেড়া তৈরির কাজে ব্যবহৃত হতো এবং এটি জ্বালানি হিসেবেও ব্যবহার করা হতো। তবে প্রযুক্তির উন্নতির ফলে পাটকাঠি এখন একটি অর্থকরী পণ্য হয়ে উঠেছে। পানের বরজ, পার্টিকেল বোর্ড এবং চারকোল কারখানায় পাটকাঠির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গোদাগাড়ী উপজেলায় পাট ধোয়ার পর কৃষক-কৃষাণিরা পাটকাঠি শুকিয়ে আঁটি করে রাখার কাজে ব্যস্ত রয়েছেন। গ্রামীণ সড়কের পাশে মাইলের পর মাইল জুড়ে পাটকাঠি শুকানোর কাজ চলছে।
পাটের তুলনায় পাটকাঠির কদর এখন অনেক বেড়ে গেছে। রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজ, গৃহস্থালী সামগ্রী এবং বিভিন্ন সৌখিন পাটজাত পণ্য তৈরির কাজে পাটকাঠির ব্যবহার অপরিসীম। বর্তমানে বিভিন্ন কলকারখানায় পাটকাঠির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক সময় শুধুমাত্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো পাটকাঠি, কিন্তু এখন এর বহুমুখী ব্যবহারের কারণে এর কদর কয়েক গুণ বেড়ে গেছে। কুমুরপুর, রাজবাড়ী, চরআষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী, বাসুদেবপুর প্রভৃতি এলাকায় দেখা যায়, রাস্তার দুপাশে পাটকাঠি শুকানো হচ্ছে। রান্নার কাজে জ্বালানি সংগ্রহের জন্য ভোরে বিভিন্ন এলাকার মহিলারা পাটচাষিদের কাছ থেকে পাট সংগ্রহ করে আঁশ ছাড়াতে সহায়তা করছেন এবং বিনিময়ে পাটকাঠি নিচ্ছেন।
পাট চাষী আব্দুল মতিন জানান, ব্যবসায়ীরা দূর-দূরান্ত থেকে এসে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "এক আঁটি পাটকাঠি ১০০/১২০ টাকা করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি।"
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে স্বল্প মূল্যে পাটকাঠি ক্রয় করে ভ্যানযোগে পার্শ্ববর্তী শহরে নিয়ে বিক্রি করছেন চড়া দামে। তারা প্রতিদিন কিছু টাকা আয় করছেন। পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন, "এখন পাটকাঠি বিক্রির মৌসুম। তাই আমরা পাটচাষিদের কাছ থেকে ২০/৩০ টাকা মুঠোপ্রতি কিনে শহরে গিয়ে ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করছি। এতে করে ভ্যানপ্রতি আমাদের ১৫০০ থেকে ২০০০ টাকা আয় হয়।"
উপজেলা কৃষি অফিসার মরিয়ন আহম্মেদ জানান, চলতি বছর গোদাগাড়ীতে পাটের বাম্পার ফলন হয়েছে, তবে জাগ দেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। বাজারে পাটের দামও ভালো। হাট-বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকা দরে। পাটের উপজাত পাটখড়ি বা পাটকাঠি দিয়ে পানের বরজ, কার্বন ফ্যাক্টরীসহ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। এই কারণে ভালো দামে পাটকাঠি বিক্রি করে এ অঞ্চলের কৃষকেরাও লাভবান হচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন