প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার (২০২৫) ২১০৭ নম্বর কোর্সের দ্বিতীয় পরীক্ষকের উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কোর্সের প্রথম পরীক্ষকের নম্বরকে দ্বিতীয় পরীক্ষকের নম্বর হিসেবে গ্রহণ করে ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষাসংক্রান্ত কাজে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী মন্তব্য করেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করছি না।"
প্রসঙ্গত, সম্প্রতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ২১০৭ নম্বর কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র হারিয়ে যায়। বিভাগ সূত্রে জানা গেছে, কোর্সের ইন্টারনাল পরীক্ষক ড. শাহাবুল আলম গত ১১ মে উত্তরপত্র গ্রহণ করেন এবং ২০ মে বিভাগে জমা দেন। এরপর বিভাগীয় কর্মচারী জাবেদ আলী দাবি করেন, তিনি উত্তরপত্রগুলো কোর্সের দ্বিতীয় পরীক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের কাছে জমা দিয়েছিলেন। তবে উপ-উপাচার্য দাবি করেন, উত্তরপত্র তার কাছে আসেনি। এ নিয়ে দায় চাপানোর পরিস্থিতি সৃষ্টি হয়। বিভাগে একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করে। সর্বশেষ তিন সদস্যের তদন্ত কমিটির সুপারিশে পিওনের প্রবেশ নিষিদ্ধসহ তিনটি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন