প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন এবং ওয়ার্ল্ড সুফি ফোরামের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজার একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এমন একটি পবিত্র স্থানে ককটেল উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।
সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরও বলেন, মাজার, খানকাহ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিস্ফোরক রাখার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এই ঘটনার প্রেক্ষিতে বিচ্ছিন্নভাবে কিছু দেখার সুযোগ নেই। এর আগে দেশের বিভিন্ন দরবার শরীফ, মাজার ও খানকাহে হামলা, ভাঙচুর এবং উগ্রবাদী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি বড় হুমকি।
তিনি আরও বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। ধর্মীয় পরিচয়ের আড়ালে কোনো উগ্রবাদী বা দুর্বৃত্তচক্রকে সহিংসতা ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।
প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা জরুরি।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম, মত ও পথের মানুষের সহাবস্থানের দেশ। এ দেশের দীর্ঘদিনের আধ্যাত্মিক ঐতিহ্য ও সম্প্রীতির সংস্কৃতি ধ্বংসের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
এ সময় তিনি হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারসহ দেশের গুরুত্বপূর্ণ দরবার শরীফ, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের স্পর্শকাতর ঘটনায় গুজব ও উসকানি এড়িয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন