প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক যুক্ত হয়েছে। রোম মহানগরের স্থায়ী আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানবিষয়ক পরামর্শ পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটিতে নির্বাচিত হয়েছেন মুক্তার হোসেন মার্ক ও পাপিয়া আক্তার, দুই বাংলাদেশি।
সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় বিভিন্ন বিদেশি সংগঠন ও কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যেখানে এ পরিচালনা কমিটি গঠিত হয়। নির্বাচনের ফলাফলে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন এই দুই বাংলাদেশি। নারী কোটায় পাপিয়া আক্তার এবং পুরুষ কোটায় মুক্তার হোসেন মার্ক সর্বোচ্চ ভোট লাভ করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রোম মহানগর প্রশাসনের (চিত্তা মেত্রোপোলিতানা দি রোমা কাপিতালে) সরকারি ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
রোম ও এর আওতাধীন মহানগর এলাকায় বসবাসরত প্রায় ৬ লাখ ৮০ হাজার বিদেশির স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবে এই পরামর্শ পরিষদ। পরিষদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বিদেশি নাগরিকদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, বর্ণবাদ ও বৈষম্য প্রতিরোধ এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত করা।
বর্তমানে এই পরিষদের সঙ্গে বিদেশিদের ১১৬টি সংগঠন এবং বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে নতুন সংগঠনকে পরিষদের আওতায় আনতে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তিৎজিয়ানা বিওলঘিনি বলেন, "আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় রূপ দিতে হবে। প্রত্যেকের কথা শোনা, যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নিজেদের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।"
প্রবাসীরা মনে করছেন, রোম মহানগর প্রশাসনের এ গুরুত্বপূর্ণ পরিষদের পরিচালনা কমিটিতে দুই বাংলাদেশির শীর্ষ ভোটে নির্বাচিত হওয়া ইতালির মূলধারায় বাংলাদেশি কমিউনিটির অবস্থানকে আরও সুসংহত করবে। এর ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও সম্ভাবনার কথা স্থানীয় প্রশাসনের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন