প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ দিনে ২৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
গত ৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত চলা এ অভিযানে ১২টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং একটি মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে।
কাউখালী থানা পুলিশ সূত্র অনুযায়ী, এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার বাশুরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, সদর ইউনিয়নের বাশুরী গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ রাজু (৩০), একই এলাকার আবির তালুকদারের ছেলে মোঃ ফাহিম (২২), কাঠালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সজল (৩০) এবং বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার বাসিন্দা হোসেন ব্যাপারীর ছেলে কবির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে কিছু মাদক কারবারি যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমেছে, এমনটাই দাবি করেছেন তারা। তারা মাদকবিরোধী এই ধরনের অভিযান আরও জোরদার করার জন্য বলছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে তারা স্বস্তি অনুভব করছেন। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, কাউখালী থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান সর্বদা জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, “মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন