প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ : ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং স্থবিরতা কাটানোর লক্ষ্যে নবগঠিত ফেডারেশনগুলোর এডহক কমিটির সঙ্গে জাতীয় পরিষদ (এনএসসি) মতবিনিময় সভার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল ১৪টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বাকি ১৩টি ক্রীড়া ফেডারেশনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী এটি জানালেন যে, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশ দলের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সদিচ্ছা রয়েছে। তিনি জানান, জাতীয় দল দেশে ফেরার পর পরিবারের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা জানানোর বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "ভারতে গত বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে কাজ চলছে। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।"
ক্রীড়া এবং রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিয়ে তিনি এ সংক্রান্ত বক্তৃতায় আরো যোগ করেন, "খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দু'দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।"
ক্রীড়াঙ্গনের প্রশাসনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। বাকি ফেডারেশনগুলোর কমিটি নিয়ে কাজ চলমান রয়েছে এবং খুব শিগগিরই নতুন সব কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
আসন্ন এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টে পুরনো কমিটির সদস্যদের উপস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার আগেই সেপ্টেম্বরের এশিয়ান গেমসের দল ও অফিসিয়ালদের নাম (অ্যাক্রিডিটেশন কার্ড প্রক্রিয়া) নির্ধারিত হওয়ায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। সমস্যাটি দ্রুত সমাধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিবকে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের এই সভায় বাংলাদেশ ক্যারম, জিমন্যাস্টিক্স, কারাতে, তায়কোয়ান্দো, উশু, রোয়িং, খো খো, হ্যান্ডবল, জুডো, ফেন্সিং, ভারোত্তোলন, অ্যামেচার রেসলিং এবং রাগবি- এই ১৩টি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন