০৯:১৪ এম
বাংলাদেশের অর্থনীতির বেসরকারি খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। দেশের জিডিপিতে এই খাতের অবদান ৭৮ থেকে ৮৬ শতাংশের মধ্যে রয়েছে। কর্মসংস্থানের প্রায় ৯৫ শতাংশ আসে এই খাত থেকে। তবে বর্তমানে বেসরকারি খাত কার্যত রুগ্ন অবস্থায় রয়েছে। সামষ্টিক অর্থনীতির অস্থিরতা, উচ্চ সুদহার, তীব্র জ্বালানিসংকট এবং ডলারের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে উদ্যোক্তারা চাপের মধ্যে আছেন।
বাংলাদেশের পোশাকশিল্প বেসরকারি খাতের অন্যতম প্রাণশক্তি। এটি দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। প্রায় এক মাস ধরে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতে অচলাবস্থা ও অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন, যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।
পোশাকশিল্পে দীর্ঘমেয়াদী অস্থিরতা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে রপ্তানি আয় কমে যাবে, বেকারত্ব বাড়বে, এবং ব্যাংকঋণ পরিশোধে অক্ষম মালিকরা ঋণখেলাপি হয়ে পড়বেন। ব্যাংকিং খাত দুর্বল হয়ে যাবে। পোশাক খাতে চলমান অস্থিরতা কেবল বেসরকারি খাতের জন্য নয়, বরং গোটা অর্থনীতির জন্য অশনিসংকেত।
আরও পড়ুন: গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী
রবিবার পোশাক খাতের অসন্তোষের কারণে অনেক কারখানা বন্ধ ছিল। শ্রমিকদের বেতন বাড়াতে সরকার গঠিত মজুরি বোর্ড কাজ করছে। তবুও তৈরি পোশাক খাতে অস্থিরতা থামছে না। মালিকপক্ষ ইতোমধ্যে ১৪৭টি গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। আন্দোলন অব্যাহত থাকলে সোমবার থেকে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা।
শনিবার সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই তথ্য জানান। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস নিয়ে বিদেশি ক্রেতাদের কাছে ভুল বার্তা যাচ্ছে। কিছু অর্ডার (ক্রয় আদেশ) ইতোমধ্যে বাতিল হয়েছে এবং নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শুধু পোশাক খাত নয়, পুরো অর্থনীতিতে সমস্যা তৈরি হবে।
অক্টোবরের শেষের দিকে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার পর সরকার দ্রুত মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ড ইতোমধ্যে দুইটি বৈঠক করেছে। আগামী ১৬ (আজ) নভেম্বর সোমবার মালিক পক্ষ মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। মজুরি বাড়ানোর এই উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলনের পেছনে নানা কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজিএমইএ সভাপতি জানান, সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ গ্রেফতার রাকিব হোসেন
এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। একই সঙ্গে উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। শ্রমিকনেতারা মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন।
আন্দোলন নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি সমঝোতা প্রয়োজন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। বর্তমানে পোশাকশ্রমিকদের যে বেতন তা দিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। মালিকপক্ষের উচিত ছিল শ্রমিকদের আন্দোলনের আগেই তাদের সঙ্গে কথা বলে যুক্তিসংগতভাবে মজুরি বৃদ্ধি করা। কিন্তু তারা কালক্ষেপণ করেছেন। শ্রমিকদের কেন রাস্তায় নামতে হলো? কেন তাদের আন্দোলনে যাওয়ার সুযোগ দেওয়া হলো? এই শ্রমিকদের কারণেই মালিকরা বিত্তবান হয়েছেন। তাই শ্রমিকদের দুঃখকষ্টে তাদের পাশে দাঁড়ানো মালিকদের দায়িত্ব।
এখন মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে নানা রকম আপত্তি তুলছেন। তারা বৈশ্বিক প্রতিযোগিতা এবং বর্তমান মন্দা অর্থনীতির অজুহাত তুলেছেন। তবে ব্যবসায় চড়াই-উতরাই থাকবে। একজন শিল্পোদ্যোক্তাকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার দৃঢ়তা থাকতে হবে। একজন উদ্যোক্তার কাজ শুধু মুনাফা অর্জন নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলে তারা আরো আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এতে উৎপাদন বাড়বে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাবে। ভালো মজুরি পেলে শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ে, চাকরি ছেড়ে যাওয়ার হার কমে, প্রশিক্ষণের খরচ বাঁচে। আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ডগুলো বছরের পর বছর পোশাকের দাম নিয়ন্ত্রণে রেখেছে। শ্রমিকের মজুরির খরচ ক্রয়মূল্যের মধ্যে আলাদা করে সুরক্ষিত রাখতে মালিকদের এবং সরকারের যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। মালিকপক্ষকেও মুনাফার ন্যায্য অংশটি মজুরিতে দিতে হবে। রাষ্ট্রকে রেশন, ভর্তুকি মূল্যে নিত্যপণ্য, বাসস্থান ও যাতায়াত সহায়তার মাধ্যমে ঘাটতির একটি অংশ পূরণ করার ব্যবস্থা করতে হবে।
চলমান পরিস্থিতিতে মালিক-শ্রমিক একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন। কেউ গো ধরে থাকলে সংকট বাড়বে। তাই বর্তমান অচলাবস্থার নিরসন হওয়া মালিক-শ্রমিক উভয়ের জন্য জরুরি। শ্রমিক না বাঁচলে উৎপাদন হবে না, কারখানা বন্ধ হয়ে যাবে। মালিকের ক্ষতি হবে। অন্যদিকে, কারখানা বন্ধ হলে শ্রমিকরা বেকার হয়ে যাবে। কাজেই উভয় পক্ষকে সংযত ও সহনশীল থাকতে হবে।
আরও পড়ুন: পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে
পোশাক খাতের চলমান অস্থিরতার প্রভাবে অন্যান্য বেসরকারি শিল্প হুমকির মুখে পড়ছে। সামগ্রিকভাবে সংকটে পড়ছে দেশের অর্থনীতি।
বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা গভীর সংকটে আছেন। ইউনূস সরকারের আমলে দেশের বেসরকারি খাতে যে মন্দাবস্থা তৈরি হয়েছে, তা এখনো কাটেনি। বন্ধ হয়ে পড়া শিল্পকারখানাগুলো চালুর জোরালো উদ্যোগ নেই, নতুন বিনিয়োগে উৎসাহ কম। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা। এসবের প্রভাব পড়েছে ব্যাংকঋণে।
ব্যাংকগুলো যে ঋণ আদায় করছে, তার তুলনায় নতুন ঋণ বিতরণ করছে কম। এর ফলে গত জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে, যা ইতিহাসে সর্বনিম্ন। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে।
ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক বিনিয়োগবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে ঢালাও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কোনো ধরনের তদন্ত ছাড়াই শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অর্থ পাচারের ভিত্তিহীন অভিযোগ এনে বেসরকারি খাতের ইমেজ ক্ষুণ্ন করা হয়েছে ইউনূস সরকারের আমলে। এর ফলে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা বেসরকারি খাত রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, ডলারের অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তায় দুই বছরের বেশি সময় ধরে ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগে শ্লথগতি রয়েছে। এতে নতুন কর্মসংস্থান হচ্ছে না। তাই যেকোনো মূল্যে পোশাক খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। পোশাকশিল্পের এই অচলাবস্থা অব্যাহত থাকলে কেবল গার্মেন্টসশিল্প ক্ষতিগ্রস্ত হবে না বরং গোটা বেসরকারি খাত অচল হয়ে যাবে। এতে চলমান অর্থনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করবে। যেখান থেকে উত্তরণের পথ বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
পোশাকশিল্পকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে বেসরকারি খাতকে, তাহলেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন