প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির সময় পুলিশ ডিলার ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস হাওলাদারকে আটক করেছে। এই ঘটনায় স্থানীয় জনগণের সহযোগিতায় ২৫০ বস্তা (সাড়ে ১২ টন) ডিএপি সার উদ্ধার করা হয়েছে এবং পাচারের জন্য ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
ঘটনাটি গত বুধবার রাতে ভাঙ্গার মালিগ্রাম বাজার এলাকায় ঘটে। আটক হওয়া ইলিয়াস চান্দ্রা ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। তিনি আওয়ামী সরকারের আমলে ডিলারের অনুমোদন লাভ করেছিলেন। পুলিশ জানিয়েছে, ভাঙ্গা থানায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃত্রিম সার সংকট সৃষ্টির লক্ষ্যে আওয়ামী সরকারের অনুমোদিত কিছু ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা কৃষকদের সার না দিয়ে কালোবাজারে বিক্রি করছে। উপজেলা কৃষি বিভাগ এই ডিলারদের চিহ্নিত করতে ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারদের নির্দেশ দিয়েছে, তবে অনেক ডিলার কালোবাজারে সার বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে।
বুধবার রাতে, ইলিয়াস চান্দ্রা বাজারের নিজের গোডাউন থেকে কালোবাজারে ডিএপি সার বিক্রি করতে ট্রাকে লোড করছিলেন। স্থানীয় জনগণ খবর পেয়ে সারভর্তি ট্রাকের চারপাশ ঘিরে রাখে। পরে ৯৯৯ কল করে ঘটনাটি পুলিশ এবং ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুনকে জানান।
খবর পেয়ে ভাঙ্গা থানার ওসি, কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। ঘটনার সত্যতা পেয়ে পুলিশ সারভর্তি ট্রাকসহ মালামাল জব্দ করে। এ সময় ট্রাকের মধ্যে থাকা আওয়ামী লীগ নেতা ইলিয়াসকে আটক করা হয়।
কৃষি অফিসার আল মামুন জানান, সারের কৃত্রিম সংকট যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সে জন্য উপর মহল থেকে নির্দেশনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সব সময় এই বিষয়ে সচেতন রয়েছে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, সরকারি সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাতে ট্রাকে করে নেওয়া হচ্ছে বলে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সার উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ডিলারকে সার উদ্ধার এবং ট্রাকসহ আটক করা হয়েছে। থানায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন