প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন।
সম্মেলনে অধ্যাপক কদির বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গত ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভিসি, রেক্টর, জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে উচ্চশিক্ষার নতুন ধারা, আন্তর্জাতিক অংশীদারত্ব, একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সম্মেলনের কার্যক্রমের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকে প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কর্মসূচি, সম্মেলন, সেমিনার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া, প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে এ দুটি সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং আন্তসাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন অভিজ্ঞতা অর্জন এবং কাজের ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন