১১:১২ পি.এম
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, গণরায় না মানলে জনগণের হাতে লাল কার্ড রয়েছে এবং জনগণ তা উপযুক্ত সময়ে দেখিয়ে দেবে।
তিনি শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ঢাকা থেকে এ পর্যন্ত আসার পথে রাস্তার দুপাশে লাখ লাখ মা-বোন ও সাধারণ মানুষের যে জোয়ার দেখা গেছে, তা সত্যিই বিস্মিত ও অভিভূত করার মতো। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে আসার সময় হাজার হাজার নারী-পুরুষ এগারো দলের আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের ৮ মাস পরও আপনাদের ভাববার সময় আছে। নির্বাচনে জাতিকে যে ওয়াদা দিয়েছিলেন, তা রক্ষা করুন। আগামী ৯ নভেম্বরের পার্লামেন্ট অধিবেশনে ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনের বাকশালি স্টাইল থেকে ফিরে আসুন। রাজনৈতিক সংকটকে সংঘাতে না ঠেলে পার্লামেন্টে তার নিষ্পত্তি করুন।
জামায়াতের এ নেতা আরও বলেন, দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস, বিদ্যুতের এই ৮ মাসে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থার উন্নতি না হলে এক দফার কর্মসূচি আসবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা মামুনুল হক, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন