প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। উৎসবটির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাঁকোটা দুলছে (The Blind Girl and an Elephant) এই পুরস্কারটি লাভ করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। এই বিভাগ থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তরুণ এই পরিচালকের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন তার বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। চলচ্চিত্রটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান 'মনপাচিত্র' এবং জার্মানির 'মগডোর ফিল্ম'-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। এটি প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানটিরও প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
জিহাদ জানান, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডের ডাবলিনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় এবং ১৫ নভেম্বরেই পুরস্কার ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত গ্রামীণ বাংলাদেশের তিনজন নারীর জনজীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখা নারীদের সংগ্রামের গল্প চলচ্চিত্রের কাহিনীতে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত চলচ্চিত্রটি নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার আঙ্গিকে উপস্থাপন করেছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সিল্ক রোডের সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক যোগাযোগের ঐতিহ্যকে ধারণ করে উৎসবটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের একত্রিত করে। উৎসবটি বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জোটের (Belt & Road International Film Festival Alliance – BRFFA) সদস্য, যার লক্ষ্য বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির মধ্যে সংযোগ ও বিনিময়কে উৎসাহিত করা।
বিশ্বের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরষ্কার অর্জনের বিষয়ে পরিচালক জিহাদ বলেন, ‘গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কীভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। এমন বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের। পাশাপাশি চলচ্চিত্রে প্রতিফলিত মানুষদের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’
চলচ্চিত্রটির বিষয়ে প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, ‘এই যাত্রা শুরু হয়েছিল খুব সীমিত অর্থ, অল্প অভিজ্ঞতা এবং একদল স্বপ্নবান তরুণ চলচ্চিত্রকর্মীকে নিয়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের বহু বছরের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস এবং স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।’
উল্লেখ্য, চলচ্চিত্রটি এর আগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য চীনে অনুষ্ঠিত হওয়া ২৮ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গোবলেট পুরস্কার এবং রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ২৪ তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবে গোল্ডেন ক্রেন পুরস্কার অর্জন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন