প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মফিজুল ইসলাম (৩২) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) নাগেশ্বরী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মফিজুল ইসলাম উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নওডাঙ্গা স্কুলপাড়া (১ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কলেজ মোড়ের পূর্ব পাশে একটি ইজিবাইকে বসে একজন ব্যক্তি গাঁজা বিক্রি করছেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করার পর তাঁর নির্দেশে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকের ভেতরে তার দুই পায়ের মাঝখানে লুকিয়ে রাখা হলুদ কসটেপ ও সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ৫ ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক এবং একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ইজিবাইকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন