ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটুট প্রতিষ্ঠার উদ্যোগ


ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটুট প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সম্প্রতি ‘Head and Neck Cancer Today: Burden, Trends, and Modern Treatment Strategies’ শীর্ষক একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলন হলে কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজন করা হয়। এই সেমিনারে মাথা ও গলার ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা, রোগের পরিবর্তিত প্রবণতা, আধুনিক চিকিৎসাকৌশল এবং অস্ত্রোপচারের বাইরেও ক্যান্সার চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

আরও পড়ুন: বিআরটিসির জন্য তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস, ৫০টি নারীদের জন্য

বিএমইউর অধীনে বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (IARC)-এর সমন্বিত imPACT Review Mission-এর বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, এ মিশনের মাধ্যমে বাংলাদেশের ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, অবকাঠামো এবং দক্ষ জনবলের বিদ্যমান সক্ষমতা ও প্রয়োজনীয় ঘাটতি মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের আন্তর্জাতিক মূল্যায়ন দেশের ক্যান্সার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত ক্যান্সার বিভাগ, অভিজ্ঞ শিক্ষক, চিকিৎসক, গবেষক এবং উচ্চতর চিকিৎসাশিক্ষার সুযোগ রয়েছে। এসব সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আধুনিক ও বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে

এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিএমইউর অধীনে একটি বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। আশা করি, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ।”

প্রস্তাবিত ইনস্টিটুট প্রতিষ্ঠিত হলে ক্যান্সারবিষয়ক উচ্চতর শিক্ষা, গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বহুবিভাগীয় চিকিৎসা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে ক্যান্সার গবেষণা ও চিকিৎসাসেবায় বিএমইউর অবদান আরও সুসংহত করার সুযোগ সৃষ্টি হবে।

মাথা ও গলার ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও আধুনিক চিকিৎসা সম্পর্কে সেমিনারের প্রথম বৈজ্ঞানিক অধিবেশনে ‘Head and Neck Cancer Today: Burden, Trends, and Modern Treatment Strategies’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর অটোল্যারিঙ্গোলজি–হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের হেড-নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার।

তিনি মাথা ও গলার ক্যান্সারের বর্তমান পরিস্থিতি, রোগের ক্রমবর্ধমান বোঝা, পরিবর্তিত প্রবণতা এবং আধুনিক চিকিৎসাকৌশল নিয়ে আলোচনা করেন। এ ধরনের ক্যান্সারের চিকিৎসায় সময়মতো রোগ নির্ণয়, যথাযথ রোগের পর্যায় নির্ধারণ এবং উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন শহীদ রনির মা শাহনাজ বেগম

অস্ত্রোপচারের বাইরেও ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা নিয়ে দ্বিতীয় বৈজ্ঞানিক অধিবেশনে ‘Head and Neck Cancer Update: Advances Beyond Surgery’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন।

তিনি জানান, মাথা ও গলার ক্যান্সারের চিকিৎসায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আধুনিক ক্যান্সার চিকিৎসা এখন আর শুধু অস্ত্রোপচারের মধ্যে সীমাবদ্ধ নেই। রোগের ধরন, পর্যায়, বায়োমার্কার, রোগীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার লক্ষ্য বিবেচনায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির সমন্বয়ে অধিকতর কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে।

আধুনিক রেডিওথেরাপির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ইন্টেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি (IMRT), ইমেজ গাইডেড রেডিওথেরাপি (IGRT) এবং অন্যান্য উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত স্থানে অধিক নির্ভুলভাবে রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব হচ্ছে। এতে আশপাশের গুরুত্বপূর্ণ স্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি কমিয়ে চিকিৎসার মান উন্নত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল, বিশেষ করে KEYNOTE-689-এর ফলাফল নির্বাচিত মাথা ও গলার ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে ও পরে ইমিউনোথেরাপি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে পুনরাবৃত্ত বা মেটাস্ট্যাটিক ক্যান্সারের চিকিৎসায় ইমিউনোথেরাপি ও অন্যান্য আধুনিক সিস্টেমিক থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন: নবজাতকের জণ্ডিস নিয়ে পরামর্শ দিলেন ডা. মৌসুমি আহমেদ মৌরী

অধ্যাপক আকরাম হোসেন বলেন, ক্যান্সার চিকিৎসার সফলতা শুধু রোগ নিয়ন্ত্রণ বা রোগীর আয়ু বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; রোগীর জীবনমান বজায় রাখা, কথা বলা, খাবার গ্রহণ, গিলতে পারা এবং দৈনন্দিন স্বাভাবিক কার্যক্ষমতা যথাসম্ভব সংরক্ষণ করাও চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তিনি আরও বলেন, মাথা ও গলার ক্যান্সারের চিকিৎসায় সার্জন, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশেষজ্ঞদের সমন্বয়ে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক ক্যান্সার চিকিৎসার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নত রেডিওথেরাপি প্রযুক্তি, দক্ষ জনবল, চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা এবং প্রমাণভিত্তিক জাতীয় ক্যান্সার চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্সার ও সহায়ক বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে চিকিৎসাসেবা, উচ্চতর শিক্ষা ও গবেষণায় আরও কার্যকর অবদান রাখা সম্ভব। এ ক্ষেত্রে বিএমইউ জাতীয় পর্যায়ে ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন: জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সমন্বিত চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় গুরুত্ব তুলে ধরা হয় সেমিনারে, যেখানে মাথা ও গলার ক্যান্সারের চিকিৎসায় সার্জিক্যাল অনকোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, রেডিওলজি, প্যাথলজি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির সদস্যসচিব এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)।

এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের মধ্যে সর্বশেষ গবেষণালব্ধ জ্ঞান বিনিময়, বহুবিভাগীয় সহযোগিতা এবং প্রমাণভিত্তিক ক্যান্সার চিকিৎসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে বিএমইউর অধীনে প্রস্তাবিত বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ দেশের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রয়োজনীয়তা কমাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের পক্ষ থেকে হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


দুদকের পক্ষ থেকে হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে। সংস্থাটি শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে, যাতে তাদের দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করা সম্ভব হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের ফলে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।

এছাড়া, সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, "সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের লক্ষ্য।"

তিনি আরও জানান, এসব মামলার আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের স্কুল ফিডিংয়ের খাবারে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের স্কুল ফিডিংয়ের খাবারে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া শতাধিক শিক্ষার্থীর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপিটি প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)’। প্রতিনিধি দলের সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে একটি এনজিও কর্তৃক সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ঘটলে এনজিও গাক-কে কঠোর আইনের আওতায় আনা উচিত। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা তিন মন্ত্রণালয়ে পত্র দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোমলমতি শিশুদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা বারবার গণমাধ্যমে এসেছে। ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

এ সময় আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, সুস্মিতা খানম ঐশীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী সংগঠনটির কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ স্বাভাবিক ও সঠিক রাখতে তাদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবছড়ি খালে অভিযান চালিয়ে ২ হাজার ঘনফুট বালু, ড্রেজার-পাইপসহ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


কুতুবছড়ি খালে অভিযান চালিয়ে ২ হাজার ঘনফুট বালু, ড্রেজার-পাইপসহ জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এই অভিযানের ফলে একটি ড্রেজার, ২২টি পাইপ এবং প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি চড়ায় এই অভিযানটি পরিচালিত হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২৫ হর্স পাওয়ারের একটি ড্রেজার, ২২টি পাইপ এবং প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার ও পাইপ প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া, জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ মন্তব্য করেন, "অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নদী-খাল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপি কমিশনারের নির্দেশে চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সিএমপি কমিশনারের নির্দেশে চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর উদ্যোগ

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মহানগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় সিএসপি কমিশনার হত্যা মামলাসহ বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার উপর গুরুত্বারোপ করা হয়।

তিনি উল্লেখ করেন, "জনগণকে কার্যকর পুলিশি সেবা দিতে হবে। অভিযোগ ও দায়ের করা মামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।" নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব থানা ও ডিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সিএমপি কমিশনার উপ-পুলিশ কমিশনারদের নির্দেশ দেন, নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরও সতর্ক থাকতে হবে এবং মামলার নিষ্পত্তির হার বাড়াতে হবে।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

অক্টোবর মাসে বিভিন্ন দায়িত্ব পালনে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুলিশ সদস্যদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরিফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%