প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ ইয়াবা তৈরির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন উপকরণসহ আকিবকে আটক করা হয়।
পুলিশের দাবি, আকিব পূর্বে স্বর্ণের দোকানে কাজ করতেন। পরবর্তীতে তিনি চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শিখে নেন।
গ্রেফতার হওয়া আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র। তবে তিনি মা-বাবার সঙ্গে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুটি ইয়াবা ট্যাবলেটসহ আকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের সময় কুয়াইশ এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনটি উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে আকিব জানান, তিনি মাস কয়েক আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মেশিনটি কিনেছিলেন। মেশিনের ডাইসটি বড় আকারের ট্যাবলেট তৈরির উপযোগী হলেও তিনি তা দিয়ে ছোট আকারের ট্যাবলেট তৈরির ডাইস বসান। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর তিনি নজু মিয়া হাটে একটি স্বর্ণের দোকানে কাজ নেন এবং কয়েক বছর পরে সেই চাকরি ছেড়ে দেন। এরপর কিছুদিন ধরে তিনি ময়দা, সুজি, রং, বেকিং সোডা ও মেনথল দিয়ে ইয়াবা তৈরির চেষ্টা করছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে আকিবের ভাড়া বাড়িতে ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে মেশিনসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি কতদিন ধরে এ কাজে সম্পৃক্ত এবং কোথাও কোনো ইয়াবা বিক্রি করেছেন কিনা—তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন