প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাঁশরী রেপার্টরি থিয়েটার শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘আলেয়া’ মঞ্চায়ন করেছে। ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে চলমান নয়দিনব্যাপী নাট্যোৎসবের চতুর্থ দিন বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়।
দ্রোহ, প্রেম, চেতনার কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। নাটকের মূল বিষয় হলো ত্রিভুজ প্রেম, প্রেমের স্বরূপ এবং মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও তার ট্র্যাজিক পরিণতি।
নাটকের কাহিনী রাজা মীনকেতু, চন্দ্রকেতু এবং অন্য রাজ্যের রানী জয়ন্তীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়া কৃষ্ণা, উগ্রাদিত্যসহ আরও কিছু চরিত্র নিয়ে নজরুলের অমর সৃষ্টি ‘আলেয়া’ রচনা করা হয়েছে। নাটকে জয়ন্তী একটি আকর্ষণীয় ও জাদুকরী নারী চরিত্র। তার প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা চারপাশের পুরুষ চরিত্রগুলোকে মোহিত ও বিভ্রান্ত করে। মরুভূমির মরীচিকা বা ‘আলেয়া’ যেমন দূর থেকে আলো দেখায় কিন্তু কাছে গেলে তার কোনো বাস্তব অস্তিত্ব বা স্থায়িত্ব মেলে না, তেমনি জয়ন্তীর প্রেম ও আচরণ চারপাশের মানুষদের জন্য আলেয়ার ছলের মতো ধোঁয়াশাপূর্ণ ও বিভ্রান্তিকর হয়ে ওঠে। প্রেমের এই রূপ ও স্বরূপ খুঁজতে গিয়ে এবং জয়ন্তীর অনিশ্চিত আবেগের নাগাল পেতে গিয়ে চরিত্রগুলোর জীবনে চরম হতাশা ও ট্র্যাজেডি নেমে আসে। নজরুল এখানে দেখিয়েছেন কীভাবে সমাজ ও প্রথার ঊর্ধ্বে গিয়ে বা আবেগের বশে মানুষ ভালোবাসার পিছে ছুটে বিভ্রান্ত হয়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাঁশরী রেপার্টরি থিয়েটারের নিয়মিত অভিনয় শিল্পীরা। ১৯৩১ সালে প্রকাশের পর ওই বছরই প্রথম মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলাম রচিত রূপকধর্মী গীতি-নাট্য বা নাটক ‘আলেয়া’।
প্রথমে এর নাম দেওয়া হয়েছিল 'মরুতৃষ্ণা', যা পরে পরিবর্তন করে ‘আলেয়া’ রাখা হয়।
সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চায়নের আগে উৎসবের অংশ হিসেবে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের বাইরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের পঞ্চম দিন বৃহস্পতিবার একই সময়ে একই মিলনায়তনে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত এবং মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটক ‘কম্পানি’। ১৪ সেপ্টেম্বর সোমবার শেষ হবে নয়দিনের এই নাট্যোৎসব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন