প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : নারী হকি খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকের বিশেষ উদ্যোগ অপরাজেয় আলো নারী হকির তৃতীয় পর্বে গোলকিপার ট্রেনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পরিচালিত হবে।
যদিও এই প্রশিক্ষণ কার্যক্রমটি দুদিন আগে শুরু হয়েছে, তবে বুধবার হবে আনুষ্ঠানিক উদ্বোধন। ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তা এবং সাবেক তারকা হকি খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে তৃণমূলের নারীদের স্বাবলম্বী ও দক্ষ করে তুলতে ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে পেশাদার গোলকিপিং গিয়ার্স (একটি সম্পূর্ণ গোলকিপার সেট ও ব্যাগ), একটি করে হকি স্টিক এবং অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল প্রদান করা হচ্ছে।
দেশব্যাপী চলমান এই কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, বর্তমানে মোট ২২টি জেলা থেকে বাছাইকৃত ২৪ জন প্রতিভাবান নারী গোলরক্ষককে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণার্থীদের মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত মেয়েরা অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে মেয়েরা প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলা কঠোর অনুশীলন করছে।
দুইজন অভিজ্ঞ ট্রেইনারের অধীনে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। জাতীয় নারী হকি দলের সাবেক সফল গোলরক্ষক সুমি আক্তার সার্বক্ষণিক মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ট্রেইনার হিসেবে আরও রয়েছেন জাতীয় পুরুষ হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক নুরুজ্জামান নয়ন।
ব্র্যাক ব্যাংক ও হকি ফেডারেশনের প্রত্যাশা, এই বিশেষায়িত গোলকিপিং ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের নারীরা হকিতে অভাবনীয় সাফল্য বয়ে নিয়ে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন