প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহনের মাধ্যমে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ঐতিহ্যবাহী রাস উৎসবের পুণ্যস্নান পর্ব সমাপ্ত হয়েছে। মঙ্গলবার ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশগ্রহণ করেন।
একই দিন বিকেল থেকে কলাপাড়া পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও লোকজ আয়োজনের মাধ্যমে আগামী তিন দিন মেলাপ্রাঙ্গণ মুখরিত থাকবে।
সোমবার সন্ধ্যায় কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অধিবাসের মাধ্যমে এবারের রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর চলে পূজা-অর্চনা, ভাগবত পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম সংকীর্তন। মঙ্গলবার ভোরে পূর্ণিমার পুণ্যতিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতে শুরু হয় পুণ্যস্নান।
ভোর থেকেই সৈকতে জড়ো হতে থাকেন নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের পূর্বে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। কেউ হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর নিয়ে সাগরের জলে অর্পণ করেন। নারীদের উলুধ্বনিতে সৈকত মুখর হয়ে ওঠে। অনেকে মানত পূরণ, প্রায়শ্চিত্ত ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মাথা ন্যাড়া করেন এবং পিণ্ডদান করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমার বিশেষ তিথিতে গঙ্গাস্নানের মাধ্যমে পাপমোচন ও পুণ্যলাভ হয়। পাশাপাশি নিজেদের ও পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় তাঁরা এ ধর্মীয় আচার পালন করেন।
স্নান করতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, "নানা রকম সমস্যার মধ্যেই এ বছরটা পার করেছি। সামনের দিনগুলো যাতে ভালো কাটে, সেই মনোবাসনা নিয়ে কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবে ধর্মীয় আচার পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।"
সাতক্ষীরা থেকে আসা পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, "রাস পূর্ণিমার এই বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের একটি পবিত্র মাধ্যম। ভক্তরা বিভিন্ন উপকরণ নিয়ে সাগরের জলে স্নান করেন। এরপর পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে আত্মিক শুদ্ধি অর্জনের পাশাপাশি নিজের ও পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।"
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বলেন, "প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। পাপমোচন, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এবারও উৎসবের আয়োজন করা হয়েছে। হাজারো পুণ্যার্থীর আগমনে সৈকত মুখর হয়ে উঠেছিল।"
কুয়াকাটায় পুণ্যস্নানের আনুষ্ঠানিকতা শেষ হলেও রাস উৎসবের আয়োজন চলবে কলাপাড়ায়। মঙ্গলবার বিকেল থেকে পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাসমেলা।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, পুণ্যার্থী ও পর্যটকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুয়াকাটায় পুণ্যস্নান ও ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা সুন্দরভাবে সম্পন্ন করেছেন। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন