প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তের ভারতীয় অংশে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা খালেদ আহমদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসেন।
নিহত খালেদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কানাইঘাটের দনা সীমান্তের মিকিরপড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন খালেদ। এ সময় সীমান্তের ওপার থেকে গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এরপর থেকে তার মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে ছিল।
কানাইঘাটের লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার কয়েকজন যুবকের সঙ্গে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন খালেদ। বাকিরা ফিরে এলেও খালেদ খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার লাশ সীমান্তে পড়ে ছিল। থানা পুলিশ ও বিজিবিকে জানানো হয়েছে।’
এ ঘটনায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘাত ঘটে। এ সময় একজন বাংলাদেশী নাগরিক নিখোঁজ হয় বলে সোর্সের মাধ্যমে জানা যায়। এই ঘটনার তদন্ত চলছে।
এ বিষয়ে যোগাযোগ করলে সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবার ও স্বজনরা বিকেলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে বলে শুনেছি।’
থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, তারা থানায় জানায়নি, আমরা বিষয়টি জানার পর তাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন