প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অ্যামাজন প্রাইম ভিডিও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে কেন্দ্র করে নতুন একটি সিরিজ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজটির নাম ‘মেলানিয়া: দ্য সিরিজ’ এবং এটি দুই পর্বে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। এর আনুষ্ঠানিক ট্রেলার গত ৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে।
তবে নতুন এই সিরিজ নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে। কারণ, মেলানিয়াকে কেন্দ্র করে নির্মিত আগের তথ্যচিত্রটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই প্রকল্প থেকে কয়েক মিলিয়ন ডলার লোকসান হয়েছে অ্যামাজনের। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কেন একই ব্যক্তিত্বকে নিয়ে নতুন সিরিজ নির্মাণে আগ্রহী, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নতুন সিরিজটি মূলত ২০২৬ সালের ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মেলানিয়া’ তথ্যচিত্রের পরবর্তী অধ্যায়। ব্রেট র্যাটনার পরিচালিত ওই তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ২০ দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছিল।
‘মেলানিয়া: দ্য সিরিজ’ নির্মাণে রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া ও র্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট। দুই পর্বের এই আয়োজন দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজটিতে মেলানিয়ার জীবনের এমন কিছু অজানা গল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের অভিষেক-পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও স্থান পাবে এতে। এর মাধ্যমে দর্শকেরা মেলানিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন।
গত আগস্টে মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান নতুন সিরিজ নির্মাণের বিষয়টি প্রথম সামনে আনেন। ‘রিয়েল আমেরিকান ভয়েস’ অনুষ্ঠানে উপস্থাপক এরিক বোলিংয়ের সঙ্গে কথোপকথনে তিনি জানান, আগের তথ্যচিত্রের তুলনায় নতুন সিরিজে আরও বিস্তৃত পরিসরে গল্প বলা হবে। একই সঙ্গে এর উপস্থাপনাতেও থাকবে ভিন্নতা, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
অবশ্য আগের তথ্যচিত্রটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। বাণিজ্যিকভাবেও প্রত্যাশিত সাফল্য আসেনি। ইউরো নিউজের এক প্রতিবেদনে প্রকল্পটিকে অ্যামাজনের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়।
তবে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মতে, মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্তটি ছিল ভালো ব্যবসায়িক পদক্ষেপ। একই সঙ্গে ট্রাম্প পরিবারের সঙ্গে অ্যামাজনের ব্যবসায়িক সম্পর্কের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।
আগের প্রকল্পে লোকসানের পরও নতুন সিরিজ নির্মাণের কারণ নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। কারও ধারণা, দায়িত্ব পালনরত একজন ফার্স্ট লেডির জীবন ও অভিজ্ঞতা তুলে ধরার মধ্যে অ্যামাজনের জন্য বড় ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন, ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিও প্রতিষ্ঠানটির সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। যদিও অ্যামাজন জানিয়েছে, পুরো উদ্যোগের পেছনে রয়েছে ব্যবসায়িক বিবেচনা।
এদিকে নতুন সিরিজ নিয়ে মেলানিয়া ট্রাম্প এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেননি। পাশাপাশি প্রতিটি পর্বের দৈর্ঘ্য কিংবা পূর্ণাঙ্গ পর্বতালিকাও প্রকাশ করেনি অ্যামাজন।
সূত্র: দ্য স্টেটসম্যান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন