প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের ভৌত অবকাঠামোর নির্মাণ কাজ সম্পূর্ণ দেশীয় তহবিলের প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির মূল ভবনসহ সংশ্লিষ্ট নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে, তবে ১০ তলা ভবনের লিফট সংযোজনের কাজ আগামী মার্চ নাগাদ শেষ হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, পুরো প্রকল্প এলাকার সীমানার প্রাচীর ও বৈদ্যুতিক সাব-স্টেশনের নির্মাণ এবং তা চালু করার কাজ চলতি অর্থ বছরের মধ্যে সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সাব-স্টেশন ভবনের কাজও ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ট্রান্সফর্মার স্থাপনের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, লিফট সংগ্রহের লক্ষ্যে ইতোমধ্যে এলসি খোলার কথাও বলা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সমুদয় লিফট সরঞ্জাম প্রকল্প এলাকায় পৌঁছানোর পরেই তার সংযোজন শুরু হবে।
‘গ্রীন স্মার্ট বিল্ডিং’এর আদলে ‘বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় সদরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ভবন নির্মাণ প্রকল্প’র আওতায় বরিশাল-ভোলা-চট্টগ্রাম ও বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা/বরগুনা জাতীয় মহাসড়কের পাশে দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নতুন ভবনটি এখন দৃশ্যমান। গত বছর ৩০ জুন ভবনটির ৩ ও ৪র্থ তলা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর সেখানে দাপ্তরিক কাজ শুরু হয়েছে।
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ‘মেসার্স খান বিল্ডার্স-শফিক এন্টারপ্রাইজ জেভি’র সাথে ভবনটির নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৬ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে চুক্তি সম্পাদিত হয়। নকশা সংক্রান্ত জটিলতা ও প্রকল্প এলাকার জমি নিয়ে বিরোধের কারণে ২০ মাসের কাজ ৮০ মাসেও শেষ করা সম্ভব হয়নি। পরবর্তীতে লিফটের মূল্য বৃদ্ধি এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজ প্রকল্পভুক্ত করায় মোট প্রকল্প ব্যয় ২৫ কোটি ১ লাখ ৬৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। বরিশাল ছাড়াও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় সদরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ভবনসমূহের নির্মাণ কাজও সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।
বরিশাল আঞ্চলিক কেন্দ্রের ভবনটি প্রায় ১ লাখ বর্গ ফুটের আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এতে রিসেপশন, ওয়েটিং রুম, ওয়্যার হাউস, পরিচালক, রেজিস্ট্রার, প্রোগ্রামার, পরীক্ষা নিয়ন্ত্রক ও শাখা কর্মকর্তাদের দপ্তর, সভাকক্ষ, সম্মেলন কক্ষ, আইসিটি সুবিধাসংবলিত ক্লাস রুম, আধুনিক রান্নাঘর, ডাইনিং, কমনরুম, ভিভিআইপি কক্ষ ও লাউঞ্জসহ প্রশিক্ষণগ্রহণকারীদের জন্য আবাসন সুবিধা রয়েছে। ভবনটির ৬ষ্ঠ তলায় শূন্য উদ্যানের সুবিধাসহ কয়েকটি তলায় খোলা ছাদ রাখা হয়েছে।
মূল ভবনটির নির্মাণসহ সাজসজ্জার কাজের প্রায় ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিভাগীয় ভবনটি নির্মাণে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার জন্য প্রতিটি কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত বছর জুলাই থেকে ভবনটির ৩ ও ৪র্থ তলায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাপ্তরিক কাজ করছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক জানান, নির্মাণাধীন ভবনটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী হলে, এটি এ অঞ্চলের ১৮৫টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান তদারকিসহ উন্নয়নে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন