প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই (সোমবার) বরিশাল সফরে আসছেন তারেক রহমান। একদিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন। তার এ সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
সফর উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় প্রধানমন্ত্রীর সফর নিরাপদ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। পথে গৌরনদীর বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকাতেও তার বৃক্ষরোপণের কর্মসূচি রয়েছে। দুপুরে সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে বরিশালের সাধারণ মানুষ ও নাগরিক সমাজও এ সফরকে ঘিরে নানা প্রত্যাশার কথা জানাচ্ছেন।
বিশেষ করে বরিশাল-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিগুলো নতুন করে সামনে এসেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর বরিশালের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন