প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপের দরজা কড়া নাড়ছে। দুদিন পরেই শুরু হতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থের মাঠের লড়াই। এ সময়ে ইরান ফুটবল সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। দেশের সমর্থকরা বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে না।
ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশ স্টেডিয়ামের মোট আসনের আট শতাংশ টিকিট নিজ দেশের সমর্থকদের জন্য বিতরণের জন্য পেয়ে থাকে। ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তাদের নির্দিষ্ট কোটা পেয়ে সমর্থকদের কাছে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। তবে এক সময় দুঃসংবাদ আসে।
আজ (৯ জুন) ইরান ফুটবল ফেডারেশন একটি বিবৃতিতে জানায়, বিশ্বকাপে ইরানের জন্য বরাদ্দকৃত টিকিট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বিশাল এই বিশ্বকাপে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনার পরিপন্থী এবং রাজনৈতিক অনৈতিক হস্তক্ষেপ বলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
আজ তাদের বিবৃতিতে এফএফআইআরআই জানায়, প্রক্রিয়া অনুসরণ করে অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার প্রস্তুতি সম্পন্ন করার পর তাদের টিকিট দেওয়া যাচ্ছে না। তারা উল্লেখ করে যে, ইরানি সমর্থকদের আইনসম্মত এবং অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী।
বিবৃতিতে কোন নাম উল্লেখ না করলেও ফেডারেশন ইঙ্গিত দেয় যে, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধাবস্থার সরাসরি প্রভাব খেলার ওপর পড়েছে। টিকিট বাতিলের পাশাপাশি ইরানকে একের পর এক আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন করা হচ্ছে ওয়াশিংটনের মাধ্যমে। ইতোমধ্যে মার্কিন প্রশাসন ইরানের ফুটবল প্রতিনিধি দল ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রায় ১৫ জন সাপোর্ট স্টাফের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। একইসঙ্গে বিশ্বকাপ দেখতে যাওয়ার ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান দলের পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্প কাজ করতে পারেনি এবং মেক্সিকোর টিজুয়ানাতে গিয়ে অনুশীলন করেছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বকাপের গ্রুপ 'জি'-তে থাকা ইরানের তিনটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শক্তিশালী বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুযায়ী এসব ম্যাচ যথাক্রমে সকাল ৭টা, রাত ১টা এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
উদ্ভূত পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নিরপেক্ষতা বজায় রাখার নীতি মনে করিয়ে দিয়ে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে ইরান। তবে ইরান ফুটবল ফেডারেশনের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ফিফা কিংবা মার্কিন বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন