প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। এই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রাম চালু, নারী পেশাজীবীদের জন্য বৃত্তি প্রদান এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্য হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয়ে এডিবির চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন এবং এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষজ্ঞ আরিয়ান জয় ওলেগারিও প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যান্য সদস্যরা হলেন এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার শিলা অ্যান এম. ডেভিড-কাস্ট্রো, আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ব্রায়ান কাপাতি এবং স্কলারশিপ ও ইউনিভার্সিটি পার্টনারশিপ বিশেষজ্ঞ শিপন কুমার দাস।
সাক্ষাৎকালে ‘অ্যাসপায়ার ফর উইমেন ইনিশিয়েটিভ’-এর আওতায় এডিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের জন্য মাস্টার্স পর্যায়ে বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন এডিবির প্রতিনিধিরা।
এছাড়া, এডিবির আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টিও উঠে আসে।
এ সময় প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে ভিসির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন এডিবির প্রতিনিধিদলের সদস্যরা।
ভিসি জবাবে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এডিবির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিদের ধন্যবাদ জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন