প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কারাগারে ফেরার পথে প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। তিনি একই সঙ্গে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে নিজেকে ইসলামি আদর্শে গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা গারদখানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় তিনি হাতকড়া পরা অবস্থায় পুলিশ সদস্যদের পাহারায় থেকে উপস্থিত লোকজনের সামনে দাঁড়িয়ে এ কথা বলেন। তার ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।"
এর আগে বুধবার সকালে মামুন মণ্ডলকে আদালতে হাজির করা হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তিনি গাজীপুর জেলা গারদখানা থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় তিনি আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ সিটি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।
রাজনীতির পাশাপাশি তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর এবার সেই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন মামুন মণ্ডল। কারাগারে ফেরার ঠিক আগে প্রকাশ্যে উপস্থিত লোকজনের সামনে তিনি এ ঘোষণা দিলেন। তিনি দলের পদ-পদবি ছাড়ার বিষয়টিসহ অতীতের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবন ইসলামি আদর্শ অনুযায়ী পরিচালনার কথাও জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন