প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়কের চারপাশে রয়েছে খানাখন্দ। পাশে অবস্থিত একটি মহিষের খামার।বৃষ্টির সময় খামারের বর্জ্য ধোয়া কাদা-পানিতে সড়ক ডুবে যায়। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক আটকে চলাচল করতে হয়। একদিকে সড়ক সংস্কারহীন, অন্যদিকে খামারের বর্জ্য। এই পরিস্থিতিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থান অভিমুখী সড়ক ঘিরে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গ্রামীণ সড়কের একটি বড় অংশে জমে রয়েছে নোংরা পানি ও কাদা। সেই সঙ্গে রয়েছে খামারের বর্জ্য। গর্ত ও গভীর খাদ পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিদ্যালয়গামী শিক্ষার্থী, এলাকাবাসী ও যানবাহন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, সড়কটির দুই পাশে কয়েকজন প্রভাবশালী বাসিন্দার মহিষের খামার রয়েছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এসব খামারের গোবর, আবর্জনা ও বিষাক্ত ময়লা পানি সরাসরি সড়কে ফেলা হচ্ছে। ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। এর ফলে সড়কটি দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
এছাড়া, এমন অস্বাস্থ্যকর পরিবেশে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ইয়াকিন আলী বলেন, ‘মোহরকয়া গোরস্থান অভিমুখী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বিশেষ করে বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় এবং গোরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। কিন্তু বর্তমানে সড়কটি দিয়ে চলাচল করাই কষ্টকর হয়ে পড়েছে।’
এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খামারিদের অনিয়মতান্ত্রিক বর্জ্য নিষ্কাশন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। একইসঙ্গে জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া খামারের বর্জ্য যাতে সড়কে ফেলা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন