প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মান তারকা থমাস মুলার ইউরোপীয় ফুটবলের সাথে মেজর লিগ সকারের (এমএলএস) মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছেন। তিনি বলেন, এমএলএসে অবনমন বা রেলিগেশন ব্যবস্থা না থাকার কারণে দলগুলোর ওপর চাপ তুলনামূলকভাবে কম। এর ফলে খেলোয়াড়দের মনোযোগ ও রক্ষণাত্মক পারফরম্যান্সে প্রভাব পড়ছে। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের এই ফরোয়ার্ড মন্তব্য করেছেন যে, অনেক সময় রক্ষণে খেলোয়াড়দের মধ্যে উদাসীনতা দেখা যায়।
কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের সাথে এক সাক্ষাৎকারে, ৩৭ বছর বয়সী মুলার এমএলএসের তুলনায় ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের বিভিন্ন লিগের আলোচনা করেছেন। তিনি জানান, ‘ব্যবস্থার কারণে তুলনা করাটা কঠিন। এখানে অবনমন নেই। বড় কোনো চাপও নেই।’
মুলারের মতে, ইউরোপে যখন কোনো দল অবনমনের ঝুঁকিতে থাকে, তখন খেলোয়াড়দের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। অবনমিত হলে অনেক খেলোয়াড়ের পরের মৌসুমের চুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তাই লিগের তলানির দিকে থাকা দলগুলোও প্রতিটি ম্যাচে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে।
এ প্রসঙ্গে মুলার বলেন, ‘ইউরোপে যখন লিগের নিচের দিকের কোনো দলের বিপক্ষে খেলবেন, তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। কিন্তু এমএলএসের কাঠামোর কারণে আমার মাঝে মাঝে মনে হয়, এখানে খেলার ধরন কিছুটা বেশি আশাবাদী, কিংবা রক্ষণে কিছুটা উদাসীন।’
ফরাসি শব্দ লেজে ফেয়ার ব্যবহার করে তিনি বোঝান যে, খেলোয়াড়দের মধ্যে কখনো কখনো প্রয়োজনীয় সতর্কতা ও মনোযোগের ঘাটতি থাকে। তবে মুলার ইতিবাচক দিকও দেখছেন। তাঁর মতে, এমএলএসের খেলার ধরনে আক্রমণাত্মক ফুটবলের সুযোগ তৈরি হয় এবং দর্শকেরা বেশ কিছু দৃষ্টিনন্দন আক্রমণ দেখতে পান।
ব্যক্তিগত দক্ষতার ক্ষেত্রেও এমএলএসের খেলোয়াড়দের প্রশংসা করেছেন মুলার। তবে তিনি মনে করেন, সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে ধারাবাহিকতা। ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধান অনেক বেশি।
এ বিষয়ে গলফের উদাহরণ দিয়ে মুলার বলেন, গলফে ১০ হ্যান্ডিক্যাপের একজন খেলোয়াড়ও কখনো এমন শট খেলতে পারেন, যা একজন পেশাদার খেলোয়াড়ের পক্ষেও কঠিন। এমএলএসেও খেলোয়াড়দের মধ্যে এমন অসাধারণ ব্যক্তিগত মুহূর্ত দেখা যায়। কিন্তু একজন পেশাদার খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশিত ধারাবাহিকতা সব সময় পাওয়া যায় না।
২০২৫ সালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুলার। তবে ফাইনালে লিওনেল মেসির ইন্টার মায়ামির কাছে তাঁর দল পরাজিত হয়।
মুলার মনে করেন, রেলিগেশন না থাকার কারণে হারের পর দলগুলোর পরিস্থিতিও ইউরোপের তুলনায় আলাদা। তাঁর ভাষায়, এমএলএসে কোনো দল খারাপ করলে অনেক সময় নতুন করে দল গঠনের পরিকল্পনা করা হয়। কিন্তু ইউরোপে অবনমন হলে ক্লাবের বাজেট কমে যেতে পারে, কর্মীদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে এবং সমর্থকদের ওপরও বড় প্রভাব পড়ে।
মুলারের মতে, এই পার্থক্যই দুই অঞ্চলের ফুটবলে চাপ ও প্রতিযোগিতার ধরনকে পরিবর্তন করে। তাঁর মন্তব্যে এমএলএসের কাঠামো, খেলোয়াড়দের মানসিকতা এবং ইউরোপীয় ফুটবলের সাথে প্রতিযোগিতামূলক ব্যবধান নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন