ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও ‘নো-স্মোকিং’ সাইন স্থাপন


মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও ‘নো-স্মোকিং’ সাইন স্থাপন

রাজধানীর কাঁচাবাজারগুলোতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ করতে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও ‘নো-স্মোকিং’ সাইন স্থাপন করা হয়েছে। এই কর্মসূচিটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে, মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহযোগিতায় বাস্তবায়িত হয়।

আয়োজকরা জানিয়েছেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে ঢাকা শহরের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কাঁচাবাজারের পচনশীল উচ্ছিষ্ট ও বর্জ্য খোলা জায়গায় ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাজারটিতে ডাস্টবিন ও ধূমপানবিরোধী সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেছেন, “শুধুমাত্র একটি ডাস্টবিন দিয়ে পুরো বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। তবে আমাদের মূল লক্ষ্য হলোÑছোট ছোট উদ্যোগের মাধ্যমে যে বাজারের পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করা।”

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

বক্তারা আরও উল্লেখ করেন, নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে বাজার কমিটি, বিক্রেতা, ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাজার কমিটি ও ব্যবসায়ীরা যদি এগিয়ে আসেন, তবে ভবিষ্যতে আরও ডাস্টবিন স্থাপনসহ টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া, কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার এবং বাজারের স্থানীয় ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের ৭ কর্মকর্তাকে পরিচালক পদে উন্নীত করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


দুদকের ৭ কর্মকর্তাকে পরিচালক পদে উন্নীত করা হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অধীনে কর্মরত সাতজন কর্মকর্তা পদোন্নতি পেয়ে পরিচালক পদে উন্নীত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত এবং মো. ফয়সাল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


মতলবে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ কাজি লুৎফর রহমান (৭০) নামের একজনকে আটক করেছে। তিনি নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাজি লুৎফর রহমানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার মনিগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে। একই দিন রাতে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে পয়ালী গ্রামের আবদুর রহমান পাটোয়ারীর নাতনি পাশ্ববর্তী মনিগাঁও গ্রামের কাজি লুৎফর রহমানের ঘরে রোজের দুধ দিতে যায়। ওই সময় আকাশ মেঘলা ছিল এবং সেখানে কেউ উপস্থিত ছিল না। কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি শিশুটি বাড়িতে এসে তার নানা ও পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আজ সকালে শিশুটির মা বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

শিশুটির মা বলেন, "প্রতিদিন দুধ দিতে আমি অথবা আমার মেয়ে তার বাড়ীতে যেতাম। ওই দিন কাজের কারণে আমি যেতে পারিনি বলে মেয়েকে পাঠিয়েছিলাম।" মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আউয়াল হোসেন জানান, খবর পেয়ে মনিগাঁও কাজি বাড়ি থেকে লুৎফুর রহমানকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, "এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিম শিশুর পরিবার মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ এলাকায় দুই মহিলা কলেজ স্থাপনের দাবি জানালেন এমপি মজিবুর রহমান ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


নিজ এলাকায় দুই মহিলা কলেজ স্থাপনের দাবি জানালেন এমপি মজিবুর রহমান ইকবাল

নিকলী উপজেলা এবং বাজিতপুর উপজেলায় মহিলা কলেজ স্থাপনের জন্য সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল দাবি করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি তার নির্বাচনী এলাকায় দুটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

শেখ মজিবুর রহমান ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন।

সংসদে তিনি নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি উল্লেখ করে বলেন, “নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।’ মাননীয় স্পিকার, শিশুদের প্রথম শিক্ষক হলো মা। মা যদি শিক্ষিত হয়, সন্তানরাও শিক্ষিত হবে। অতএব আমার এলাকা নিম্নাঞ্চল, মেয়েদের পড়ালেখার ব্যবস্থা অপ্রতুল। অকালেই তারা শিক্ষা থেকে ঝরে যায়। জরুরি ভিত্তিতে আমার দুইটি উপজেলার নাম সংযোজন করে মেয়েরা যাতে শিক্ষিত হতে পারে সেই দিকে খেয়াল রাখার লক্ষ্যে আমার নামটি সংযোজন করা হোক।”

তিনি আরও উল্লেখ করেন, ‘কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রস্তাবের সঙ্গে নিকলী-বাজিতপুরে একটি করে মহিলা কলেজ সংযোজন করার জন্য আমি প্রস্তাব করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ফের আবাসিক হোটেল আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


কক্সবাজারে ফের আবাসিক হোটেল আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কক্স অ্যাম্বাসেডর নামের একটি আবাসিক হোটেলের অষ্টম তলায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, যারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে অবস্থানরত পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে বের করে আনা হয়। একই সঙ্গে আশপাশের হোটেলের পর্যটক এবং স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে গিয়ে সড়কে অবস্থান নেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, "হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠ, বাঁশ ও টিন দিয়ে নির্মিত দুই তলাবিশিষ্ট ওই স্থাপনায় আগুনে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পর্যটন খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ এবং সামগ্রিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%