প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রযুক্তি জগতের দুই বিশাল প্রতিষ্ঠান অ্যাপল ও ওপেনএআইয়ের মধ্যে বিরোধ নতুন একটি স্তরে প্রবেশ করেছে। ওপেনএআই, চ্যাটজিপিটির নির্মাতা, অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে অ্যাপল তাদের বাণিজ্যিক গোপন তথ্য চুরি করেছে। ওপেনএআই দাবি করেছে যে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য তৈরিতে বাধা দেওয়ার জন্য বিভিন্ন সরবরাহকারীর ওপর চাপ সৃষ্টি করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে পাল্টা মামলাটি দায়ের করেছে ওপেনএআই এবং তাদের হার্ডওয়্যার সহযোগী প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস। মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে এবং অ্যাপলের কর্মকাণ্ড বন্ধে আদালতের নির্দেশ চাওয়ার পাশাপাশি বিচার জুরির মাধ্যমে করার আবেদন জানানো হয়েছে।
ওপেনএআইয়ের অভিযোগ, অ্যাপল তাদের বাজারে আসেনি এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্রের নকশা, উৎপাদন সংক্রান্ত তথ্য এবং সরবরাহকারীদের বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করেছে। অভিযোগ করা হয়েছে যে, এই কাজে একটি সাবেক কর্মী জড়িত ছিল।
মামলার নথি অনুযায়ী, ওই কর্মী ওপেনএআইয়ে প্রায় ছয় মাস কাজ করার সময় গোপন নথি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠিয়েছেন। পরে তিনি আবার অ্যাপলে যোগ দেন এবং ওপেনএআইয়ের নতুন যন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অ্যাপলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে তথ্য দিয়েছেন বলে সন্দেহ করছে ওপেনএআই।
পাল্টা মামলায় ওপেনএআই আরও অভিযোগ করেছে যে, অ্যাপল তাদের সঙ্গে কাজ করা কয়েকটি যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে একটি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের জন্য ধাতব যন্ত্রাংশের কাজ রাতের পালায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে। অন্য একটি প্রতিষ্ঠান অ্যাপলের হুমকির কারণে পূর্বনির্ধারিত কাজ করতে অস্বীকৃতি জানায় বলে দাবি করেছে ওপেনএআই।
এছাড়া ওপেনএআই অভিযোগ করেছে যে, অ্যাপলের কর্মীরা ব্যক্তিগত আইক্লাউড ও আইমেসেজ অ্যাকাউন্টে দাপ্তরিক কাজ করতেন। এর ফলে এসব ব্যক্তিগত যন্ত্র ও অ্যাকাউন্টে থাকা প্রতিষ্ঠানের নথি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করেছে অ্যাপল—এমন দাবিও তারা করেছে।
চলতি বছরের জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথম মামলা করে অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, অ্যাপলের সাবেক দুই কর্মী চ্যাং লিউ ও ট্যাং ইয়ু তান গোপন প্রযুক্তিগত তথ্য ও বাণিজ্যিক নথি নিয়ে ওপেনএআইকে সহায়তা করেছেন। এসব তথ্য ব্যবহার করে ভোক্তাদের জন্য নতুন যন্ত্র তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপলের দাবি, তাদের সাবেক কর্মীদের মাধ্যমে পণ্যের নকশা, উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থার গোপন তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ওপেনএআই এসব অভিযোগ অস্বীকার করেছে।
অ্যাপলের মুখপাত্র পাল্টা মামলাটিকে মূল অভিযোগ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, অ্যাপলের অপ্রকাশিত পণ্য, প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে গোপন তথ্য চুরি ও ব্যবহারের বিষয়টি নিয়েই মূল মামলা।
২০২৫ সালের জুলাইয়ে অ্যাপলের সাবেক নকশাপ্রধান জনি আইভের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস অধিগ্রহণ করে ওপেনএআই। এরপর থেকেই ভোক্তাদের জন্য নতুন প্রযুক্তিপণ্য তৈরির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন