প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুই দেশের সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন খাতে যৌথ প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
রুশ বার্তা সংস্থা তাস এবং রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের ভিত্তিতে, বৈঠকে দুই দেশের সার্বিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো জোরদার করার পাশাপাশি জ্বালানি, শিল্প, কৃষি, পরিবহন অবকাঠামো এবং শিক্ষা খাতের যৌথ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।
বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের যৌথ ঘোষণাপত্র এবং দ্বিপক্ষীয় সহযোগিতাসংক্রান্ত আরও কয়েকটি নথিতে সই করার পরিকল্পনা রয়েছে। তবে এসব নথির বিস্তারিত বিষয়বস্তু বৈঠক শেষে প্রকাশিত হবে।
এবারের বৈঠকটি রাশিয়া ও চীনের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির স্বাক্ষরের ২৫ বছর পূর্তির সময় অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তিটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গণ্য করা হয়।
সেন্ট পিটার্সবার্গে বৈঠকে যোগ দেওয়ার আগে, মিশুস্তিন এবং লি ছিয়াং তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যদেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করেন। সেখান থেকে তাঁরা রাশিয়ায় পৌঁছান।
রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিল্প ও অবকাঠামো খাতে সহযোগিতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের বৈঠকে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন