প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির প্রধান ফটকের ঠিক বিপরীতে অবস্থান করছে ঐতিহ্যবাহী হাতিটি। একসময় এটি ছিল দর্শকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে মানুষ গাড়ি থামিয়ে ছবি তুলত এবং সন্তানদের দেখিয়ে বলত, "ওই দেখ হাতি।" কিন্তু আজ সেই হাতি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কেউ তার খোঁজ নেয় না এবং কেউ তার গায়ে হাত বুলায় না। দীর্ঘদিনের অবহেলা, অযত্ন এবং রক্ষণাবেক্ষণের অভাবে সফিপুরের ঐতিহ্যবাহী হাতির ভাস্কর্যটি এখন পরিত্যক্ত, জরাজীর্ণ এবং মৃত্যুশয্যায় অবস্থান করছে।
গাজীপুরের সফিপুর এলাকা প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির জন্য সারা দেশে পরিচিত। তবে সফিপুরের মানুষের কাছে এটি পরিচিত ছিল আরও একটি কারণে- একাডেমির ফটকের বিপরীতে দাঁড়িয়ে থাকা এই হাতির জন্য।
দীর্ঘকাল ধরে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং একাডেমিতে আগত দর্শনার্থীদের কাছে এটি ছিল একটি পরিচিত ল্যান্ডমার্ক, আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেউ বলত, "হাতির সামনে নামিয়ে দিয়েন।" আবার কেউ বলত, "হাতির মোড়ে আসেন।" ভাওয়াল গড় ও গাজীপুরের বনাঞ্চলের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এই হাতি এলাকার নান্দনিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বনের হাতি আজ বনে নেই, কিন্তু ইট-সিমেন্টের এই হাতিটাই ছিল বনের স্মৃতি ধরে রাখার শেষ চিহ্ন।
সরেজমিনে বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘুরে দেখা যায়, ভাস্কর্যটির অবস্থান অত্যন্ত নাজুক ও হৃদয়বিদারক।
শুঁড় ভাঙা: যে শুঁড় একসময় গর্বের সঙ্গে উঁচু ছিল, সেই শুঁড়ের পলেস্তারা খসে পড়ে ভেতরের রড ও ইটের কাঠামো বেরিয়ে এসেছে। মনে হচ্ছে, কেউ যেন তার শুঁড়টা মুচড়ে ভেঙে দিয়েছে।
কান খসে পড়ছে: কান অংশের পলেস্তারা উঠে গিয়ে ভেতরের কঙ্কাল বেরিয়ে এসেছে।
গায়ে শ্যাওলা, কালচে দাগ: দীর্ঘদিন রং না করায় এবং রোদ-বৃষ্টিতে ভিজে ভাস্কর্যটির গা বিবর্ণ হয়ে গেছে। সাদা হাতিটি এখন কালচে, মলিন, অসুস্থ মানুষের মতো দেখায়।
ভাস্কর্যটির চারপাশ আগাছা, লতাপাতা এবং শুকনো আবর্জনায় ঢেকে গেছে, ফলে এর নিচের অংশ প্রায় দেখা যাচ্ছে না। মনে হচ্ছে, হাতিটিকে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঠিক পাশেই বৈদ্যুতিক খুঁটি ও তারের জঞ্জাল এবং পোস্টার লাগানোর কারণে ভাস্কর্যটির নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেন হাতির গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে।
দাঁড়িয়ে থাকা হাতিটিকে দেখলে মনে হয়, সে বলছে, "আমাকে বাঁচাও, আমাকে একটু পরিষ্কার করো, আমাকে একটু রং করো।" কিন্তু তার কথা শোনার কেউ নেই।
সফিপুরের একজন বয়স্ক বাসিন্দা দুঃখ করে বলেন, "এই হাতিডা দেখেই আমরা বড় হইছি। পোলাপানরে নিয়্যা আইসা দেখাইতাম। এখন পোলাপান জিগায়-বাবা, হাতিডার এই অবস্থা কেন? আমরা জবাব দিতে পারি না। লজ্জা লাগে।"
এক পথচারী বলেন, "প্রতিদিন এই রাস্তা দিয়া যাই। প্রতিদিন দেখি হাতিডা একটু একটু কইরা শেষ হইয়া যাইতেছে। কেউ দেখে না। এটা কি আমাদের ঐতিহ্য না? এটা কি আমাদের লজ্জা না?"
একাডেমিতে আসা একজন দর্শনার্থী জানান, "প্রথমবার আইসা হাতি দেইখা ভালো লাগছিল। কিন্তু কাছে গিয়া দেখি শুঁড় ভাঙা, গায়ে শ্যাওলা। মনডা খারাপ হইয়া গেল। এত সুন্দর একটা জিনিস এভাবে নষ্ট হইয়া যাইব?"
স্থানীয় সচেতন মহল বলছেন, আর দেরি করলে এই হাতিকে আর বাঁচানো যাবে না। এখনই উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, ভাস্কর্যটির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করে নিচে একটি সুন্দর পাকা বেদি বা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। হাতিটাকে যেন আগাছার জঙ্গল থেকে তুলে সম্মানের জায়গায় বসানো হয়।
বেদির চারপাশে ছোট ফুলের বাগান তৈরি করতে হবে, যাতে হাতির চারপাশে ফুল ফোটে, মানুষ এসে বসে এবং ছবি তোলে।
দর্শনার্থীদের হাত থেকে রক্ষা করতে চারদিকে নান্দনিক লোহার রেলিং বা গ্রিল দিয়ে ঘিরে দেওয়া যেতে পারে, যাতে কেউ আর তার গায়ে হাত দিয়ে ভাঙতে না পারে।
ভাস্কর্যটি কবে, কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, তা উল্লেখ করে সামনে একটি স্থায়ী তথ্যফলক (নেমপ্লেট) স্থাপন করলে নতুন প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। নইলে একদিন নতুন প্রজন্ম জানবেই না, এখানে একটা হাতি ছিল।
একাডেমির পরিচালক (প্রশাসন) সাজেদুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, "আমি নতুন এসেছি। এ বিষয়ে আমি সবে মাত্র অবগত হলাম। বিষয়টি নিয়ে আমি দেখব, যাতে ভাস্কর্যটি আবারও সৌন্দর্য ফিরে পায়।"
স্থানীয়রা এই কথায় কিছুটা আশা দেখছেন। তারা চান, এই আশ্বাস যেন শুধু কথায় না থাকে, কাজে পরিণত হয়।
অবহেলায় হারিয়ে যাচ্ছে সফিপুরের ঐতিহ্য। যে হাতি একসময় সফিপুরের পরিচয় বহন করত, সেই হাতি আজ আগাছায় ঢাকা, শুঁড় ভাঙা, রংচটা। সে এখনো দাঁড়িয়ে আছে। এখনো বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। আমরা যদি এখনই এগিয়ে না আসি, তাহলে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব- সফিপুরের হাতি আর নেই। শুধু পড়ে আছে ভাঙা ইট আর রডের স্তূপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন