প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হত্যা, নাশকতা ও আগুন-সন্ত্রাস মোকাবিলায় জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যের এই সুর বাজতে শুরু করতেই থেমে গেছে অসুরের সকল নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতা। নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়া সহ বিভিন্ন শিল্পাঞ্চল ইতোমধ্যে শান্ত ও কর্মমুখর হয়ে উঠেছে। শ্রমিক অসন্তোষ থেমে গেছে। ঠিক তেমনি উত্তপ্ত গোপালগঞ্জও একদিনেই একেবারে শান্ত হয়ে গেছে। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। হাট-বাজার ও দোকানপাট স্বাভাবিক নিয়মে চলছে। সব মিলিয়ে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের অস্থিতিশীলতার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন। ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন। নির্দেশনা দিয়ে বিপুল অর্থ ব্যয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন। তার নির্দেশে গত কয়েকদিন ধরে দেশের অন্তত ২৯ জেলায় হামলা, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এ দলটির ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হামলার ঘটনায় নড়াইলে বিএনপির দুই নেতাসহ ৫ জন নিহত হয়েছে। তারা একের পর এক সহিংসতা সৃষ্টি করে বর্তমান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ১৪ জনের বাড়িতে আগুন দিয়েছেন। হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে একটি ট্রেন এবং ২০টি বাস, ট্রাক ও পিকআপভ্যান। বাদ যায়নি দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, এক ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকের সাতটি কার্যালয়ও। শুধু তাই নয়, দিল্লিতে বসে নির্দেশনা দিয়ে এদেশের প্রধান রফতানিখাত তৈরি পোশাক শিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়েছে।
তবে দিল্লির প্রেসক্রিপশনে পরিচালিত আগুন সন্ত্রাসসহ উদ্ভূত পরিস্থিতি সরকার অত্যন্ত ধৈর্য্যরে সাথে মোকাবেলা করেছে। গোপালগঞ্জ ইস্যুকে বিশেষ গুরুত্বের সাথে নিয়ে সরকার অত্যন্ত সুকৌশলে সব প্রতিরোধ করেছে। সারা দেশে গত ১২ দিনে থানায় হামলাসহ ৭৮ বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী শান্ত থেকে তা মোকাবেলা করেছে। আওয়ামী সন্ত্রাসীদের উস্কানিতে তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। পুলিশের উপর আক্রমণ হওয়ার পরও তারা একটি গুলিও ছোড়েনি। অনেকে এটিকে পুলিশের নির্লিপ্ততা বলে সমালোচনা করছেন। তবে সরকার আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাসকে যে কৌশলে মোকাবেলা করেছে তা এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর বলপ্রয়োগ বা পাল্টা আক্রমণে না যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা মনে করেন, এখন গোপালগঞ্জে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনতে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পেছনে কারা জড়িত তা নির্মোহভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন। কোনো নিরপরাধ নাগরিক যেন গণমামলা বা হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ধৈর্য ধরলেও সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হলে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের সংযমী অবস্থান প্রশংসনীয় হলেও অনির্দিষ্টকালের জন্য কোনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন রাখা ঝুঁকিপূর্ণ। পাল্টা সহিংসতা এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে গোপালগঞ্জে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ।
অবশ্যই সরকার আওয়ামী লীগ তথা পতিত ফ্যাসিবাদকে মোকাবেলায় খুবই প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে। অতিরিক্ত বল প্রয়োগ না করে যেমন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়েছে, তেমনি সরকার ধৈর্যধরে জনমতও তার পক্ষে নিতে পেরেছে। এরপর গোপালগঞ্জসহ সারাদেশের পরিস্থিতি মোকাবিলায় সংসদে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে স্বস্তির সুবাতাস ফিরে এসেছে।
পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে চব্বিশের সেই সব ফ্যাসিবাদবিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমান সরকারি দল, বিরোধীদলসহ অন্যান্য দলগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার কথা বলেছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ৪০ দিনের এবং বিএনপি ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম সেই একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা পলাতক ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করবো। আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সময় মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মাধ্যমে যে ঐক্যের আহবান জাতি পেয়েছে তা রাজনীতি ও দেশের জন্য অবশ্যই ইতিবাচক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই চেতনাকে ধারণ করেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গোপালগঞ্জের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকা এলাকায় ব্যাপক সমালোচিত হচ্ছে। যেকোনো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যদের নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থাকে। কিন্তু গোপালগঞ্জের তিনজন সংসদ সদস্যদের বেলায় সেটা অনুপস্থিত বলে স্থানীয় ভুক্তভোগীরা প্রকাশ্যে বলাবলি করছেন। আমাদের সংবাদদাতা জানান, গতকাল কাশিয়ানি হাসপাতাল মোড় মনার খাবার হোটেল, একসাথে আড্ডা হচ্ছে ২০/২৫ জন মিলে। এরা কেউ আর আন্দোলনমুখী নয়। তাদের মতে, স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, উত্তেজনা প্রশমন করা এবং সাধারণ মানুষকে সহিংসতা থেকে বিরত রাখতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা পালনের সুযোগ ছিল। সময়মতো কার্যকর রাজনৈতিক সংলাপ ও হস্তক্ষেপ থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত বলে তারা মনে করেন। কিন্তু যারা করবে তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন। অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমর্থকদের ভাষ্যমতে, আকস্মিক ও বহুমুখী অস্থিরতার মুখে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এবং এককভাবে জনপ্রতিনিধিদের ওপর এর সম্পূর্ণ দায় চাপানো যুক্তিসঙ্গত নয়। সচেতন নাগরিকদের মতে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের বক্তব্য হওয়া উচিত আবেগতাড়িত না হয়ে বাস্তবমুখী এবং গঠনমূলক। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ার পাশাপাশি প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার থাকাই এখন সাধারণ মানুষের প্রধান দায়িত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন