প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার সাভারের আমিনবাজারে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে দীর্ঘকাল ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের ৭ দিনের সময়সীমা ঘোষণা করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম। একই সাথে ওই এলাকায় সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রবিবার, ৫ জুলাই, আমিনবাজার এলাকায় পরিদর্শনকালে জেলা প্রশাসক এই নির্দেশনা দেন। পরিদর্শনকালে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে থাকার ফলে অঞ্চলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এটি পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যাত্রীদের জন্য চরম ভোগান্তি সৃষ্টিকারী। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও একটি ঝুঁকি তৈরি করেছে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমিনবাজারের মতো একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে এ ধরনের পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এখানকার সব ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এখানে আর ময়লা ফেলা না হয়, সেজন্য স্থানীয়ভাবে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান স্থান থেকে দূরবর্তী এলাকায় উপযুক্ত খাস জমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে।
এভাবে আবাসিক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর বর্জ্য ফেলার প্রয়োজন হবে না। জেলা প্রশাসক আরও বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে পরিবেশবান্ধব এবং দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। এর ফলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য সাভার গড়ে তোলা।
এ কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন হওয়া প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী ৭ দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন